ঈদে মিনারের উপহার
ঈদে শ্রোতাদের নিজের অ্যালবাম উপহার না দিলেও বেশ কিছু সিঙ্গল ট্র্যাক নাকি উপহার দিতে যাচ্ছেন গায়ক মিনার রহমান। সোমবার বিকেলে এমন খবর গ্লিটজকে জানিয়েছেন মিনার নিজেই।
তিনি বলেন, “এবারের ঈদ উপলক্ষে সিডি চয়েজের ব্যানারে আমার তিনটি গান প্রকাশ হতে যাচ্ছে। গানগুলো হচ্ছে ‘দেয়ালে দেয়ালে’, ‘একটু বাউন্ডুলে’ এবং ‘এতটা ভালোবাসি’। এ ছাড়াও গাঙচিলের ব্যানারে ‘সময়’ ও ‘কি করি’ শিরোনামেও আমার আরো দুটি গান এবারের ঈদে প্রকাশিত হবে। আরো কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথার্বাতা চলছে। এ ছাড়াও রেডিও র্ফুতির সঙ্গে একটি ট্র্যাক করেছি। তবে ঈদে এই ট্র্যাক যাচ্ছে কি না তা আমি এখনো নিশ্চিত নই।”
‘দেয়ালে দেয়ালে’, ‘একটু বাউন্ডুলে’ এবং ‘এতটা ভালোবাসি’ এই গান তিনটি গানের কথা লিখেছেন রবিউল ইসলাম। ক্যারিয়ারের শুরু থেকে বেশিরভাগ সময় নিজের কথায় গান গাইলেও ঈদ উপহারে অন্য লেখা গান করার প্রসঙ্গে মিনার বলেন, “অনেকদিন ধরেই আমার সঙ্গে একটি অ্যালবাম কিংবা প্রজেক্ট করা জন্য তিনি (রবিউল ইসলাম) বলছিলেন। তিনি আমাকে প্রায় ২৫/৩০ টার মতো গান পাঠিয়েছিলেন সেখান থেকে আমি তিনটি গান পছন্দ করেছি। অন্যের লেখা গানে আমি খুবই কম কাজ করেছি। কিন্তু আগামীতে আসিফ ইকবালের একটি বা দুটো গানে আমি কাজ করবো।”
তবে এবারের ঈদে তার শ্রোতাদের জন্য ‘সময়’ গানটি নাকি খুবই এক্সক্লুসিভ, এমনটাই দাবী করলেন এই গায়ক, গীতিকার ও সঙ্গীত পরিচালক।
‘সময়’ গানটির কথা, সুর ও কন্ঠ দিয়েছেন মিনার নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
সবকিছু ঠিকঠাক থাকলে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘সময়’ গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারনের কাজ। গাঙচিলের প্রযোজনায় ‘সময়’ গানটির মিউজিক ভিডিও র্নিমান করছেন তানিম রহমান অংশু। তবে ঈদের আগেই শ্রোতারা ‘সময়’ গানটির মিউজিক ভিডিও দেখতে পাবেন বলে নিশ্চিত করেছেন মিনার রহমান।
