২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে জি-সিরিজ, অগ্নিবীণার অর্ধশত অ‌্যালবাম

অন‌্যান‌্যবারের মতো এবারও ঈদ উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ এবং অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে অর্ধশত নতুন অ্যালবাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 02:23 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

সোমবার রাজধানীর এক রেস্টুরেন্টে জনাকীর্ণ আয়োজনে সেসব অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল।

জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ঈদ সম্ভারে সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোরদের মতো জ‌্যেষ্ঠ শিল্পীদের গান শোনা যাবে ‘নক্ষত্রের ফুল’ অ্যালবামে।

জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’ এবং ‘ব্ল্যাক’র নতুন অ্যালবামও রিলিজ হচ্ছে এ ঈদে। পাশাপাশি আসবে নতুন ব্যান্ড ‘সমুদ্র’র প্রথম অ্যালবাম ‘সমুদ্রের গান’ ও ‘স্কয়ারক্রো’ ব্যান্ডের অ্যালবাম।

এপার বাংলার সঙ্গে থাকছে ওপার বাংলার শুভমিতা ও রূপঙ্করের নতুন গান।

জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিতব্য অন্য অ্যালবামগুলো হল- ব্যান্ড মিক্সড ‘সংশোধন’, শানের মিক্সড অ্যালবাম ‘মুঠো আকাশ’ (রূপঙ্কর, নন্দিনী, শেখ মহসিন, শান, শায়লা, লতা, স্বপ্নীল, মারিয়া, নিশা), এহসান রাহির সেলফ টাইটেল্ড অ্যালবাম, মিক্সড অ্যালবাম ‘দূর আকাশের তারা’ (সুবীর নন্দী, কনকচাঁপা, হাসান চৌধুরী), ‘চিটাগাং-এর গান’ (সন্দীপন, বেলি, মুনসুর), ফোক মিক্সড ‘পূর্ণিমার চাঁদ’, প্রাণো বন্ধুরে, ধ্রুব গুহর অ্যালবাম, ‘আনমনে’ (আহমেদ মাসুম), ‘ফিরে এসো মধুমিতা’ (মামুন জাহান), ‘তোমার কাছে যাবো’ (ওয়াসিম পাগলা), ‘দূরে গেলে’ (এমআর হেলাল), ‘আল্লাহ্ নামের বীজ বুনেছি’ (মোহাম্মদ খালেদ হোসেন), ‘অনেক কথা বলেছিলেম’ (মিরা মণ্ডল), ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’ (লুবা), ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’ (শায়লা সাবরিন পলি)।

ঈদুল আযহায় ‘ক্লোজআপ ওয়ান’ চ্যাম্পিয়ন লায়লার প্রথম অ্যালবাম ‘আমার কুঞ্জে’ও হাতে পাবেন শ্রোতারা। থাকছে এফএ সুমনের নতুন অ্যালবাম ‘তোর লাগিরে’ এবং হাসান চৌধুরীর ‘ভালোবাসার গল্প’।

নতুন নতুন এসব গানের অ্যালবামের পাশাপাশি জি-সিরিজ থেকে প্রকাশিত হবে বাংলা চলচ্চিত্রের গানের অডিও, নাটক, মিউজিক ভিডিও সিডি।

বাংলা চলচ্চিত্র ‘সুইট হার্ট’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘সীমাহীন ভালোবাসা’, ‘ব্ল্যাক মানি’-র ডিভিডি পাওয়া যাবে জি-সিরিজে।

সিডি, ডিভিডি ছাড়াও প্রকাশিত অ্যালবামগুলো স্মার্টফোন থেকে শোনা যাবে রেডিও জিবিডি ডটকম-এ। আর মিউজিক ভিডিও এবং বাংলা ছবি দেখা যাবে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি-সিরিজ মিউজিক এবং জি-সিরিজ মুভিজ-এ।

নাজমুল হক ভুঁইয়া খালেদ জানান, এরই মধ্যে বেশিরভাগ অ্যালবামের কাজ শেষ। বাকিগুলোতে চলছে প্রচ্ছদ অঙ্কনের শেষমুহূর্তের কাজ।