‘রক অন-টু’: ফারহানদের সঙ্গে এবার শ্রদ্ধাও
ব্যান্ড কালচার, বন্ধুত্ব এবং রক গানের প্রতি ভালবাসা নিয়ে ‘রক অন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। এই ছবির মধ্য দিয়েই অভিনেতা ও গায়ক হিসেবে ফারহান আখতার-এর সঙ্গে পরিচয় ঘটেছিল দর্শকের৷ দীর্ঘ ৮ বছর পর সিনেমাটির সিক্যুয়েল 'রক অন-টু’ মুক্তি পাচ্ছে। শুক্রবার প্রকাশ পায় সিনেমাটির প্রথম ঝলক।
সিনেমার পোস্টারে উঠে এসেছে সেখানে ‘ম্যাজিক’ ব্যান্ডের ৫ সদস্যের ছবি। পোস্টারের ট্যাগলাইন ছিল, ‘প্রত্যেক প্রজন্মই তাদের আওয়াজ খুঁজে নেয়’।
সিনেমাটিতে অভিনয় করবেন ফারহান আখতার, আর্জুন রামপাল, পুরাব কোহলি, শশাঙ্ক এবং শ্রদ্ধা কাপুর। তারা প্রত্যেকে টুইট করে নিজের চরিত্রের ব্যাপারে জানিয়ে দেন।
শ্রদ্ধা কাপুরের অন্তর্ভুক্তি এই সিনেমার জন্য বড় এক চমকই বটে। ‘ম্যাজিক’-এর নতুন কিবোর্ডিস্ট জিয়া শর্মার ভূমিকায় অভিনয় করবেন তিনি। নিজ কণ্ঠে সসিনেমার চারটি গানও গাইতে শোনা যাবে তাকে।
জিয়ার মতো নতুন আরেক সংযোজন উদয় চরিত্রটি। বাস্তব জীবনের সরোদ বাদক শশাঙ্ক আরোরা থাকবেন এই চরিত্রে; বেজ গিটার বাজাতে দেখা যাবে তাকে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সমস্যা উঠে আসবে এই ছবিতে৷ ফারহান-এর মতে 'রক অন টু' ছবিটি বানানোর জন্য তাদের পুরো টিমকেই চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছিল। সিক্যুয়েল বানাতে গিয়ে কোনোমতেই যেন প্রথম পর্বের জনপ্রিয়তা নষ্ট না হয়- সেটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ।
আগের সিনেমাটির পরিচালক আভিশেক কাপুর হলেও এবারে নির্মাতার চেয়ারে বসেছেন সুজাত সওদাগর। ফারহান এবং রিতেশ সিধওয়ানি থাকছেন প্রযোজনায়। শাঙ্কার-এহসান-লয় ত্রয়ী আবারও ফিরছেন তাদের জাদুকরী সংগীত পরিচালনা নিয়ে।
১১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ৫ সেপ্টেম্বর দেখা যাবে ‘রক অন টু’-এর প্রথম ট্রেইলার।
