আসামের মঞ্চে ‘অমানিশা’
বাংলাদেশের নাট্যকার রুবাইয়াৎ আহমেদের লেখা নতুন নাটক ‘অমানিশা’ মঞ্চস্থ হবে আসামে।
ত্রিপুরার ধর্মনগর টাউন হল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটকটি। আর ২৩ অগাস্ট আসামের করিমগঞ্জ কলেজের অডিটরিয়ামে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে।
লার্নার্স এডুকেশনাল সোসাইটি ও নাট্যমঞ্চের যৌথ প্রযোজনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। মূল পরিকল্পনা করেছেন নাট্যমঞ্চ নাট্যদলের প্রধান মনিদীপ দাস সুমন।
এ প্রসঙ্গে নাট্যকার রুবাইয়াৎ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাট্যমঞ্চ সমসাময়িক জঙ্গিবাদ, উগ্রবাদ ও ধর্মান্ধতা নিয়ে নাটক মঞ্চায়নের কথা ভাবছিল। তারা যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান অধ্যাপক সুদীপ চক্রবর্তীর সঙ্গে। সুদীপের মাধ্যমে যোগাযোগ হয় আসামের নাটকের দলটির সঙ্গে।
নাটকের নির্দেশক শুভজিৎ বন্দোপাধ্যায় জানান, চলতি বছর নাটক ও রূপসজ্জার উপর ১৫ দিনের বিশেষ কর্মশালার ফসল নাটক ‘অমানিশা’।
রুবাইয়াৎ জানান, তার লেখা ‘ক্ষণজন্মা আলো ও চিরন্তর অন্ধকার’- গল্পটির ছায়া অবলম্বনে ‘অমানিশা’ নাটকটি লেখা হয়েছে। প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধনে মিশ্ররীতিতে নাটকটি নির্দেশনা দেওয়া হয়েছে।
নাটকে ‘নন্দিনী’ চরিত্রে সোনারেখা নাথ ও ঋতুরেখা নাথ, ‘কবি’ চরিত্রে অমিতাভ নাগ, ‘পুরোহিত’ চরিত্রে বাদল নাথ, ‘বৈজ্ঞানিক’ চরিত্রে কৌস্তুভ ভট্টাচার্য, ‘রাজা’ চরিত্রে মনিদীপ দাস সুমন, ‘কিশোর’ চরিত্রে সুজয় দেবরায় ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সন্তোষ ভট্টাচার্য, রত্নদীপ দেব, সৌমিক দেব, রাজন দেবসহ আরও অনেকে।
রাষ্ট্র ও সমাজের নানা অসঙ্গতি, অন্যায়-অবিচার আর কূপমণ্ডুকতার কথা ধ্বনিত হয়েছে নাটকের বিভিন্ন অঙ্কে।
রুবাইয়াৎ জানান, আসামে প্রদর্শনের পর বাংলাদেশে নাটকটি মঞ্চস্থ করার কথা ভাববে নাট্যমঞ্চ।
২০১৪ সালে এই লেখা ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ মঞ্চে আনে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র। একই বছর ঢাকা থিয়েটারের ব্যানারে রুবাইয়াৎ নিজেই নির্দেশনা দেন ‘ইতি পত্রমিতা’ নাটকের, মঞ্চে আসে তার লেখা ‘আউটসাইডার’ নাটকটি।
এবছর পদাতিক নাট্যসংসদের ব্যানারে মঞ্চে আসে জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী ‘গহনযাত্রা’ নাটকটি।
