‘বন্ধু সেই, যাকে সব বলা যায়’
বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্ক। আর দশটা সাধারণ মানুষের মতই বন্ধুত্বের কদর করেন তারকারাও। তাদেরও আছে বন্ধুদের নিয়ে মজার কিছু স্মৃতি। বন্ধু ও বন্ধুত্ব নিয়ে কী ভাবেন তারা, কেমন ছিল তাদের তারকাখ্যাতি পা্ওয়ার আগের সময়ের বন্ধুত্ব, বন্ধুত্বে একাল-সেকাল- এসব নিয়েই নিজেদের ভাবনা গ্লিটজ-এর সঙ্গে ভাগাভাগী করে নিলেন তিন প্রজন্মের পাঁচ তারকা।
ছকিগুলো তারকাদের ফেইসবুক পেইজ থেকে নেওয়া
আমার কাছে বন্ধুত্ব মানে হলো নি:স্বার্থ বোঝাপড়া। যে আমার দু:খে সমব্যাথী হয়, যে আমার সুখকে সমানভাবে ভাগ করে নিতে চায়- সেই আমার বন্ধু।
আমার কাছে বন্ধুত্বের ব্যাপারটা সব সময়ই এক। যে নিজেকে যেভাবে দেখবে সে কিন্তু তেমনভাবেই তার চারপাশকে মূল্যায়ণ করবে। যেমন একজন অভিনয়শিল্পী বা নাট্যকর্মী যে দিন থেকে ভাবতে শুরু করবে যে সে একজন তারকা, সে দিন সে থেকে সে নিজের জন্য একটি আলাদা ভুবন তৈরি করবে। যে ভুবনে সবার প্রবেশাধিকার থাকবে না। তখনই তার পারস্পারিক সম্পর্কের মধ্যে একটা দুরত্ব আসবে।
অনেকের কাছেই হয়ত খ্যাতিমান হয়ে যা্ওয়ার পর বন্ধত্বের সম্পর্কগুলো পাল্টে যায়; কিন্তু আমার সে রকম হয়নি। আমি কখনো ভাবিনি যে আমি তারকা। কাজেই আমি যখন একজন নগন্য নাট্যকর্মী ছিলাম তখনও যারা আমার বন্ধু ছিল, আর আমি যখন একটু সাফল্যের মুখ দেখেছি তখনও তারাই আমার বন্ধু। তাদের মাঝে কোনো রকম পার্থক্য তৈরি হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পর বন্ধুত্বের সম্পর্কে অবশ্যই কিছু পরিবর্তন এসেছে। তবে আমি বলব যে, বন্ধুত্ব এক জিনিস আর যোগাযোগ কিন্তু অন্য জিনিস। ফেসবুক ফ্রেন্ড আর আসল বন্ধুর মাঝে পার্থক্য বিপুল। আমার অনেক ভাল বন্ধুই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধু তালিকায় নেই। তাই বলে যে তাদের সাথে আমার বন্ধুত্ব কমে গেছে তা তো নয়।
অনেক বন্ধুই আছে আমার যাদের সাথে বছরে হয়ত একবারও দেখা হয় না। কিন্তু বন্ধুত্ব একই রকম আছে। আবার অনেকেই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু কিন্তু তারা আমার ব্যক্তিগত জীবনে বন্ধু নন। কাজেই আমার কাছে মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেইসবুকটা বন্ধুত্বের জন্য অতো বেশি গুরুত্বপূরণ কিছু নয়।
ছকিগুলো তারকাদের ফেইসবুক পেইজ থেকে নেওয়া
আমার কাছে বন্ধুত্ব মানে বন্ধুত্বই। এটি এমন এক শব্দ, যার কোনো সংজ্ঞা দরকার হয় না। ভালো-খারাপ সব মিলিয়েই যাকে আমি ভালবাসতে পারি সেই আমার বন্ধু।
আমি নিজেকে এখনো তারকা বলে মনে করি না। কাজেই যারা আমার বন্ধু ছিল তারাই আমার এখনও বন্ধু আছেন। পরে হয়ত নতুন অনেকের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে কিন্তু বন্ধু বলে যাকে মনে করেছি তার সাথে সম্পর্কে কখনো পরিবর্তন আসেনি।
এখনও যখন কোনো পুরনো বন্ধু ফোন করে খোঁজ-খবর নেয় খুব ভালো লাগে। যখন বন্ধুদের সাখে আড্ডা হয় তখন আরও ভালো লাগে। আবার নতুন যারা বন্ধু হয় তারাও তো আস্তে আস্তে পুরনো হয়। তখন তাদের সাথেও সেই ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায়। তারা আমার আপনজন হয়ে যায়। বন্ধুদের সাথে যখন সময় কাটাই তখন মনে থাকে না আমি কে বা আমার পরিচয় কি। তখন আমি শুধুই আমি আর তারা আমার শুধুই বন্ধু।
আমার কাছে মনে হয় আধুনিক প্রযুক্তি আসার আগেই বোধ হয় বন্ধুত্বর সম্পর্কটা ভাল ছিল। তখন বন্ধুত্বে সময় দেওয়ার একটা ব্যাপার ছিল। দেখা হলে অনেক গল্প হতো। ভালো-লাগা, মন্দ-লাগা, সুখ-দু:খের কথা হতো। আর এখন তো ফেইসবুক বা হোয়াসআপ-এ হাই, হ্যালো করেই বন্ধুত্ব শেষ।
আগে বন্ধুরা বাসায় আসলে কতো আয়োজন থাকত! চা-সিঙ্গারা আনানো, এটা সেটা করা। এখন তো সিঙ্গারার ছবিটা্ও হোয়াটসআপে পোস্ট করে দিলে হয়ে যায়! যেমন বন্ধুত্ব নিয়ে খুব মজার একটা জিনিস আমার এখনো মনে পড়ে। ছোটবেলায় আমরা বন্ধুরা আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরতাম। তখন আমরা একজন আরেকজনকে বাসা পর্যন্ত এগিয়ে দিতে যেতাম। তো এমনও হয়েছে যে এভাবে একজন আরেকজনকে এগিয়ে দিতে দিতে সারা রাত পার হয়ে গেছে! আমারদের আর বাড়ি ফেরাই হয়নি!
আমার কখনোই আলাদা করে বন্ধু দিবস পালন করা হয় না। আমার কাছে প্রতিদিনই বন্ধু দিবস। বন্ধুত্বের জন্য কোনো বিশেষ দিন লাগে না। বন্ধুত্ব প্রতিদিনের। যারা কোনো বিশেষ কারণে বন্ধুত্ব করে থাকে, তারা আজকে সাথে আছে, কালকে নেই। তখন স্বার্থের কারণে বন্দি হয়ে যায় মনটা। সত্যিকারের যারা বন্ধু তারা আজীবনের জন্যই বন্ধু। সে ধনী হোক, গরীব হোক, ভাল হোক আর মন্দ হোক। বন্ধু বন্ধুই।
ছকিগুলো তারকাদের ফেইসবুক পেইজ থেকে নেওয়া
আমার কাছে বন্ধুত্ব মানে হলো এমন একটা বন্ধন যেখানে কোনো স্বার্থ থাকে না। সে জন্য ছোট বেলার যে বন্ধুত্বগুলো শেষ পর্যন্ত টিকে যায় সেই বন্ধুত্বগুলোই আসলে সবচেয়ে শক্তিশালী বন্ধুত্বে পরিণত হয়। কারণ তখন কারো মাঝে কোনো স্বার্থ কাজ করে না। অনেক সুন্দর একটা মন নিয়ে বন্ধুত্বের শুরু হয় তখন।
পরে আমরা আস্তে আস্তে বড় হই আর বন্ধুত্বের সম্পর্কগুলোও ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। পেশাজীবনে ঢোকার পর সম্পর্কগুলো কিছু স্বার্থকেন্দ্রিক হয়ে যায় অনেক সময়। যে কারণে আমি বলবো তারকা হওয়ার আগের বন্ধুত্বটাই ভালো। সে সময়ের বন্ধুত্বগুলো অনেক স্বার্থহীন। তারকা হওয়ার পরের বন্ধুত্বগুলো যে খারাপ আমি তা বলব না। তবে সে বন্ধুত্বের সম্পর্কগুলোতে আমি দেখেছি সম্পর্কের গভীরতাটা কিছু কম হয়। পুরনো বন্ধুরাই আসলে বেশি কাছের হয়ে থাকে।
আমার কাছে মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে সামাজিকতা বা সোসালাইজেশনটা আগের চেয়ে বেড়েছে কিন্তু বন্ধুত্ব তৈরিতে এর ভূমিকা খুব বেশি না। সোস্যাল সাইটগুলোর ফলে বন্ধুর সংখ্যঅ হয়ত বেড়েছে কিন্তু কাছের বন্ধুর সংখ্যা তো আসলে বাড়ে নাই। আগে বন্ধুরা আসবে বা তাদের সাথে সপ্তাহে একদির দেখা হবে তার জন্য অপেক্ষা করে থাকতাম। সবাই এক সাথে হলে যে আড্ডাটা ওইটা তো আর এখন হয় না। আর এখন ওই আড্ডাবাজির সময় মানুষ দেখি ফোন নিয়েই নাড়াচাড়া করে। তাহলে আ্ড্ডাটা আর হলো কই?
বন্ধুত্বের আগের সেই বন্ধনটা বোধ হয় এখন কমে গেছে। আগে যোগাযোগটা হয়ত কম হতো, কিন্তু যখন দেখা হতো তখন সেটা অনেক গাঢ় হতো। যেমন, আগে বৃষ্টি হলেই বন্ধুরা মিলে রাস্তায় নেমে পড়তাম। গাড়িতে বা ভ্যানে চড়ে সারা শহর ঘুরে বেড়াতাম সেটা তো আর এখন হওয়া সম্ভব না। ওই মজাগুলো অনেক মিস করি।
ছকিগুলো তারকাদের ফেইসবুক পেইজ থেকে নেওয়া
যার কাছে ভালো-খারাপ সব কথা বলা যায়, যে আমাকে খুশি করার জন্য কিছু বলবে না- সে আমার কাছে ভালো বন্ধু। ভালো বন্ধুর সঙ্গে প্রতিদিনই যোগাযোগ রাখতে হবে না নয়, কিন্তু তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক থাকবে।
তারকা হওয়ার আগের বন্ধুত্ব আর এখনকার বন্ধুত্বের মাঝে কিছু পার্থক্য তো অবশ্যই আছে। আমি না চাইলেও কিন্তু পার্থক্য আসলে তৈরি হয়ে যায়। আগে যারা বন্ধু ছিল তারা শুধু ‘শুভ’কে চিনত আর এখন যারা চিনবে তারা আরেফিন শুভ’কে চিনবে। আগেকার বন্ধুত্বগুলো অনেক বেশি ‘আসল’ ছিল আর এখনকার বন্ধুত্বগুলো কিছুটা ‘ক্যালকুলেটিভ’।
আগেকার দিনে যোগাযোগ ব্যবস্থা এতটা সহজ ছিল না। তাই বন্ধুদের প্রতি টানটা ছিল বেশি। এখন যোগাযোগ অনেক সহজ হয়েছে কিন্তু সেই ‘টান’টা অনেক কমে গেছে।
বন্ধুদরে সাথে অনেক অনেক ভালো লাগার স্মৃতি আছে আমার। একবার স্কুল পালিয়ে বহ্মপুত্র নদীতে সাঁতার কাটতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। সেই অভিজ্ঞা আমি জীবনেও ভুলব না! এ রকম ছোট-বড় অনেক ভালো লাগার স্মৃতিই আছে।
ছকিগুলো তারকাদের ফেইসবুক পেইজ থেকে নেওয়া
বন্ধু হলো সেই মানুষটা যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে। আমার ভালো-মন্দ সবটা মিলিয়েই যে আমাকে ভালবাসবে সেই ভাল বন্ধু।
তারকা হ্ওয়ার আগের বন্ধুত্ব আর এখনকার বন্ধত্বের মাঝে আসলে খুব বেশি তফাত নেই। আগে আমি ছোট ছিলাম। আমার বন্ধুরা সবাই স্কুলে পড়ত আর এখন সবাই বড় হয়ে গেছে। সবাই এখন কাজ করে। এটাই শুধু পার্থক্য। কিন্তু আগে আমার বন্ধুদের সাথে যেমন আনন্দ করতাম, তাদেরকে যেমন মিস করতাম, এখনও ঠিক তেমনই করি।
যখন হোয়াটসআপ, ফেইসবুক ছিল না তখন আমরা অনেক ছোট ছিলাম। তখন আমরা স্কুলে পড়তাম। সেখানে বন্ধুদের সাথে আমাদের প্রতিদিনই দেখা হতো। তখন তাই এগুলোর প্রয়োজনও ছিল না। কিন্তু এখন যেহেতু আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছি তাই এখন এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। এখন সামাজিক মাধ্যমগুলো ছাড়া আমরা চলতে পারব না। বন্ধুত্ব বলেন বা যোগাযোগ বলেন সব কিছুর জন্যই আমরা ইন্টারনেট বা সোশাল ডিভাইসের উপর অনেক নির্ভরশীল হয়ে পড়েছি।
বন্ধুদের সাথে আলাদা করে বলার মতো কোনো স্মৃতি নেই। কারণ, বন্ধুদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে আনন্দের। যতক্ষণই তাদের সাথে থাকি ততক্ষণই খুব মজার কাটে। কাজ শেষে ক্লান্ত হয়ে এক সাথে আড্ডা দেয়া কিংবা এক জন আরেকজনকে তার গোপন কোনো কথা যখন শেয়ার করি তখন খুবই ভালো লাগে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশই হলো আমার বন্ধুরা। তাদের সাথে আলাদা করে কোনো মজা করার প্রয়োজন হয় না।
ফ্রেন্ডশিপ ডে নিয়ে আমার সব চেয়ে মজার যে স্মৃতি মনে পড়ে সেটা হল, স্কুলে থাকতে আমরা উলের সুতা দিয়ে ফ্রেন্ডদের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড তৈরি করতাম। প্রতিটা ব্যান্ডই আমরা নিজে হাতে বানাতাম আর বন্ধুদের পরিয়ে দিতাম। সেটা আবার সাত দিন পর্যন্ত হাত থেকে খোলা যেত না! এ রকম কিছু মজার নিয়ম ছিল! ছোটবেলার ফ্রেন্ডশিপ ডে বলতে এই জিনিসগুলোই বেশি মনে পড়ে এখনো।
এখনতো আর ফেন্ডশিপ ব্যান্ড পরে ঘুরে বেড়ানোর মত বয়স নেই। কিন্তু এখনো ফ্রেন্ডশিপ ডে তে আমরা ফেন্ডরা একই রকম টি-শার্ট পরি, একজন আরেকজনকে ছোট-খাটো উপহার দিই। এভাবে ফেন্ডশিপ ডে পালন করা হয়।
