কিশোর-কণ্ঠে বন্ধুত্বের পাঁচ গান
কিশোর কুমার-এর নাম শোনেনি, উপমহাদেশে এমন কোনও সংগীতপ্রেমী আছে বলে মনে হয় না। তাকে বলা হয় হিন্দি ও ভারতীয় বাংলা গানের প্রবাদ পুরুষ। ১৯২৯ সালের ৪ আগস্ট তিনি মধ্যপ্রদেশের খান্ডোয়াতে জন্মগ্রহণ করেন। বাংলা, হিন্দি ভাষায় তিনি গেয়েছেন কালজয়ী অনেক গান।
কিশোর কুমার-এর গানে বহুবার বেজে উঠেছে বন্ধুত্বের জয়গান। বন্ধু দিবস উপলক্ষ্যে তারই গাওয়া সেরকম পাঁচটি গান নিয়ে এই আয়োজন।
১. ইয়ে দোস্তি (শোলে)
বন্ধুত্ব নিয়ে গানের বিষয়টি আসলেই প্রথমেই মনে পড়ে যায় ‘ইয়ে দোস্তি’- গানটির কথা। ১৯৭০ সালে মুক্তি পাওয়া ‘শোলে’তে একে অপরের পরম বন্ধু হিসেবে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র। মোটরসাইকেলে করে পথে যেতে যেতে জয়-ভিরু, একে অন্যকে উদ্দেশ্য করে গাওয়া সেই গানটি অন্য মাত্রা পেয়েছিল মান্না দে আর কিশোর কুমারের গলায়। বলিউডের সর্বকালের সেরা গানগুলোর কাতারে থাকা এই গানটি আজও সবার কাছে পৌছে দেয় বন্ধুত্বের বার্তা।
২. দিয়ে জ্বালতে হ্যায় ( নামাক হারাম)
১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘নামাক হারাম’ ছবিতে কিশোর কুমারের গাওয়া এই গানটিতে ঠোঁট মেলান জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্না। সিনেমায় রাজেশ-এর বন্ধু ছিলেন অমিতাভ বচ্চন। রাহুল দেব বর্মণের অমর সৃষ্টি এই গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে।
৩. তেরে জ্যায়সা ইয়ার কাহা (ইয়ারানা)
‘ইয়ারানা’ সিনেমার বিষয়বস্তুই ছিল দুই বন্ধুর সম্পর্ক। সিনেমায় অমিতাভের বন্ধু হিসেবে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা আমজাদ খান। মানসিক ভারসাম্যহীন বন্ধুকে উদ্দেশ্য করে আবেগাপ্লুত অমিতাভ গাইতে শুরু করেন ‘তেরে জ্যায়সা ইয়ার কাহা’- গানটি। এই গানে কন্ঠ দিয়েছিলেন কিশোর কুমার। অমিতাভের চোখে মুখে যে আবেগ ছিল তা দর্শকদের চোখে জল আনতে বাধ্য।
৪।সালামাত রাহে দোস্তানা হামারা (দোস্তানা)
বাস্তবজীবনের বন্ধু এবং সতীর্থ দুই সিনিয়র অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং অমিতাভ বচ্চন যেন নিজেদের সম্পর্ককেই পর্দায় তুলে ধরেছিলেন ১৯৮১ সালের সিনেমা ‘দোস্তানা’র মাধ্যমে। সিনেমায় দুই বন্ধুর গাওয়া এই গানে কণ্ঠ দিয়েছিলেন দুই কিংবদন্তী শিল্পী মোহাম্মদ রাফি এবং কিশোর কুমার। ১৯৮০ সালে মুক্তি পাওয়া সিনেমার এই গানটি বন্ধুত্বের এক অমর সংগীত হিসাবে বলিউডের ইতিহাসের পাতায় উজ্জল হয়ে আছে।
৫।তুঝপে কুরবান মেরি জান ( কুরবানি)
১৯৮০ সালে মুক্তি পাওয়া আরেকটি সুপারহিট সিনেমা ‘কুরবানি’। প্রয়াত ফিরোজ খান, ভিনোদ খান্না অভিনীত এই সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ‘তুঝপে কুরবান মেরি জান মেরি জিন্দেগি’। গানটিতে কণ্ঠ দেন কিশোর কুমার। দুই বন্ধুর মাঝে সম্পর্কের গভীরটাই এই গানের প্রাণ।
