রং-তুলিতে ছয় তরুণের ‘জলকেলি’
কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার নানা ঐতিহ্যবাহী স্থাপনা, গ্রামবাংলার আবহমান চিরসবুজ প্রকৃতি ও গ্রামীণ জীবনের চালচিত্র আর প্রকৃতির নানা উপকরণ- জলরংয়ে ফুটে উঠেছে চারুকলা অনুষদের ছয় তরুণের ক্যানভাসে।
ছয় শিক্ষার্থীর আঁকা সেসব ছবি নিয়ে অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ‘জলকেলি’ শীর্ষক দলগত প্রদর্শনী। মঙ্গলবার দুপুরে উদ্বোধনের পর প্রদর্শনীটি উন্মুক্ত করা হয় সবার জন্য।
বাংলাদেশের আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের সঙ্গে জলরংয়ের রয়েছে নিবিড় সম্পর্ক। আধুনিক শিল্পচর্চার ইতিহাসেও এর গুরুত্ব অপরিসীম।
তরুণ শিল্পীদের মধ্যে আরিফুল ইসলাম ও ইসকান্দার মির্জা ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার পর্ব শেষ করেছেন। ‘স্বাধীন শিল্পী’ হিসেবে তারা জলরংকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।
আরিফুলের সিরিজ ছবি ‘সার্চিং স্টোরিজ ইন ওল্ড প্রেমিসেস’ এ পুরনো ঢাকার আবহই প্রাধান্য পেয়েছে। বিশেষ করে প্রায় হারিয়ে যাওয়া ঘোড়ার গাড়ি তার চিত্রপটে সরবভাবে উপস্থিত।
গ্রাফিক ডিজাইন বিভাগের সাবেক ছাত্রের ক্যানভাসে বিমূর্ত হয়ে উঠেছে পুরান ঢাকার প্রাত্যহিক জীবনের চালচিত্র। ক্রমেই বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও উঠে এসেছে তার ক্যানভাসে।
ওরিয়েন্টাল আর্ট বিভাগের সাবেক ছাত্র ইসকান্দার মির্জার ‘ফ্লাওয়ার কম্পোজিশন’ প্রাচ্যকলার ঢংয়ে নান্দনিকভাবে উপস্থাপন করছে অপরাজিতা ফুলকে। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তার আঁকা ‘অ্যাংরি হর্স’ শিরোনামের ছবি।
সুমন ওয়াহিদ বলেন, “ঘোড়া যদি হয়ে থাকে দৃঢ়তার প্রতীক, সেক্ষেত্রে ফুলকে বলা যেতে পারে কোমলতার উপস্থাপন। এই দুই বিপরীতমুখী ভাবকে শিল্পী তার মাধ্যমগত দক্ষতায় উপস্থাপন করেছেন।”
মো. সৈকত হোসেইন, মো. রফিকুল ইসলাম ও শেখ ফাইজুর রহমানের যোগাযোগ বেশ ঘনিষ্ঠ। জলরং চর্চার নিমিত্তে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। প্রদশর্নীতে তাদের অনুশীলননির্ভর কাজগুলো মাধ্যমগত দক্ষতার স্মারক।
‘মেঘনাঘাট’ শিরোনামের সিরিজ ছবিতে নৌ-বন্দরের কোলাহলের পাশাপাশি সিরিজ ছবি ‘আপন আঙ্গিনা’য় তুলে এনেছেন গ্রামীণ জীবন।
‘বাহন’ও ‘স্টোরি অব জাঙ্ক’ সিরিজে প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থী রফিকুল অনুপুঙ্খ জটিলতায় উপস্থাপন করেছেন যান্ত্রিক জীবনের প্রতিনিধিত্ব। এই যান্ত্রিকতা থেকে মুক্তি দিতে তিনি স্বল্পতম বর্ণের উপস্থাপনে নিসর্গকে হাজির করেছেন দর্শকের সামনে।
ওরিয়েন্টাল আর্ট বিভাগের জান্নাতুল ফেরদৌস কেয়া তার ক্যানভাসে প্রাচ্যকলার নানা করণ-কৌশলকে অবলম্বন করে সাজিয়েছেন তার সৃষ্টি সম্ভারকে। সিরিজ ছবি ‘রমণী’ এবং ‘নিসর্গ মাঝে’ শিরোনামের তার কাজগুলোতে নিরীক্ষামূলক প্রচেষ্টা চোখে পড়ার মতো।
প্রদর্শনীর উদ্বোধন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “প্রদর্শনীতে যে চিত্রকর্মগুলো স্থান পেয়েছে, তা প্রাণোচ্ছল তারুণ্যের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের ফল।”
“বাংলাদেশের তরুণ শিল্পীদের মধ্যে জলরং চর্চার বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যায়। জলরং চিত্রে তাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলো সহজেই আমাদের দৃষ্টিগোচর হয়।”
৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
