২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবার উপরে টেইলর সুইফ্ট

জনপ্রিয় মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট এবার উঠে এসেছেন চলতি বছরেরে সর্বচ্চ আয় করা তারকাদের তালিকার শীর্ষে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 05:11 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

ফোর্বস ম্যাগাজিন তাদের বাৎসরিক সংখ্যায় ২০১৬ সালে আয় করা সেরা একশো তারকার নাম প্রকাশ করেছে। এই তালিকার শীর্ষে আছেন সুইফট। এইসশোবিজ জানায়, ২০১৫ এর জুন মাস থেকে ২০১৬ এর জুন মাস পর্যন্ত টেইলর আয় করেছেন ১৭ কোটি মার্কিন ডলার।

এই অঢেল অর্থের বেশিরভাগই এসেছে তার বিশ্বসফর ‘নাইন্টিন এইটিনাইন’ থেকে। বিখ্যাত ব্যান্ড ‘রোলিং স্টোন’- এর নর্থ আমেরিকার সকল ট্যুরের রেকর্ড ভেঙ্গে ২০ কোটি ডলারের বেশি আয় করে এই সফর।

সংগীত ছাড়াও সুইফটের আয়ের একটি বিশাল ক্ষেত্র বিভিন্ন পণ্যের দূতিয়ালি। এর মধ্যে রয়েছে ‘অ্যাপল’, ‘ডায়েট কোক’, ‘কেডস’ ইত্যাদি। এসব ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিয়েও প্রচুর অর্থ আয় করছেন তিনি।

২০১৫ সালে এই তালিকায় অষ্টম স্থানে ছিলেন তিনি। তার মোট বার্ষিক আয় ছিল আট কোটি ডলার। এবার তার আয়ের অঙ্ক হয়েছে দ্বিগুনেরও বেশি।

তালিকার শীর্ষে ওঠার পথে অনেক নামই দামি তারকাদের পিছনে ফেলেছেন সুইফ্ট। এদের মধ্যে আছে ব্যান্ডদল ‘ওয়ান ডিরেকশন’(১১ কোটি ডলার), কেভিন হার্ট ( ৮ কোটি ৭ লাখ ডলার), অ্যাডেল(৮ কোটি ডলার)।

শীর্ষে ওঠার পথে সাবেক প্রেমিক কেলভিন হ্যারিসকেও পিছে ফেলছেন তিনি। হ্যারিস আছেন তালিকার ২১ নাম্বারে। তিনি আয় করেছেন মোট ৬ কোটি ৩ লাখ ডলার। সংগীত তারকা কেটি পেরি আছেন ৬৩ নাম্বারে। তার আয় চার কোটি ডলারের কিছু বেশি।