দ্বৈত ও অদ্বৈতের আখ্যান ‘গহনযাত্রা’
ধর্মের নামে ভিন্নমত দমনে পৃথিবীর নানা প্রান্তে নির্মম হত্যাযজ্ঞ ও মানবতার চরম অবমাননার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে নতুন এক মঞ্চনাটকে।
‘গহনযাত্রা’ নামে রুবাইয়াৎ আহমেদের রচিত এই নাটকে ‘সালমা’ চরিত্রে একক অভিনয় করেছেন শামসি আরা সায়েক। নাটকটি মঞ্চে এনেছে পদাতিক নাট্য সংসদ, নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
‘সালমা’র মুখ দিয়ে নাট্যকার পৃথিবীজুড়ে উগ্রপন্থার গল্প বলেছেন, যার অনুসারীরা একটি মতবাদ প্রতিষ্ঠার জন্য দেশে দেশে ধ্বংসলীলা চালায়, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, লাঞ্ছিত হয় অসংখ্য নারী।
ঘটনার পরিক্রমায় নিজের অন্তর্ধানের মধ্যদিয়ে সব অনাচার আর বিভেদ যেন লুপ্ত হয় পৃথিবী থেকে, সেই প্রার্থনায় নত হয় সালমা।
নাটকের নির্দেশক সুদীপ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নাটকে প্রাচ্য ও পাশ্চাত্যের নানা রীতিকে অবলম্বন করেছি। সমসাময়িক বিশ্বের প্রেক্ষাপটকে আমি ‘সালমা’ চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছি। এ ধরণের নাটকে একক অভিনয় মোটেই সহজ কথা নয়।
অভিনেত্রী শামছি আরা সায়েকা বলেন, “আমার ক্যারিয়ারের কঠিনতম একটি নাটকে অভিনয় করলাম। এখানে শারীরিক অভিনয়ই মুখ্য। এক চরিত্র থেকে আরেক চরিত্রে ঢুকে পড়তে নানা কৌশল অবলম্বন করতে হয়।”
নাটকে নির্দেশনা সহযোগী হিসেবে রয়েছেন সঞ্জীব কুমার দে, সংগীত পরিকল্পনায় সাইম রানা, মঞ্চ পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, পোশাক ও রূপসজ্জা পরিকল্পনায় শামছি আরা সায়েকা ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন মমিনুল হক দীপু।
শুক্রবার একই মঞ্চে উদ্বোধনী প্রদর্শনী হবে ‘গহনযাত্রা’ নাটকের। এরপরই নিয়মিত প্রদর্শনীতে যাবে পদাতিক নাট্য সংসদ।
