‘স্টার ট্রেক’-এ এবার সমকামী চরিত্র
‘স্টার ট্রেক’ মার্কিন যুক্তরাষ্ট্রের কল্পবিজ্ঞান টেলিভিশন ধারাবাহিক সিরিয়ালের ইতিহাসে একটি জনপ্রিয় নাম।এই থিমের উপর ভিত্তি করে অনেকগুলো সিনেমাওনির্মিত হয়েছে।মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজের পরবর্তী সিনেমা ‘স্টার ট্রেক বিয়ন্ড’- এর হিকারু সুলু চরিত্রটিকে এবার সমকামি হিসাবে দেখানো হবে।
‘স্টার ট্রেক’-এর রিবুট সিরিজে সুলু চরিত্রটির রূপদানকারী জন চো অস্ট্রেলিয়ার পত্রিকা হেরাল্ড সানকে পত্রিকাকে বলেন, সিরিজের স্টার শিপের হেল্মসম্যাস সুলুকে দেখানো হবে একজন পুরুষের সাথে বিবাহিত অবস্থায়; তাদের একটি কন্যা সন্তানও থাকবে।
তিনি আরও জানান, নতুন সিনেমাটির পরিচালক জাস্টিন লিন এবং চিত্রনাট্যকার সাইমন পেগ এই সিদ্ধান্ত নিয়েছেন। এই চরিত্রের স্রষ্টা জর্জ তাকেই ব্যক্তিজীবনে একজন সমকামি ছিলেন। ১৯৬৬ সালের টিভি সিরিজে তাকেইর হাত ধরেই সুলু চর্ত্রিটির অন্তর্ভুক্তি ঘটে ‘স্ট্রার ট্রেক’ ফ্র্যাঞ্চাইজিতে। এই নির্মাতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চো।
তিনি বলেন, “আমি এই সিদ্ধান্তকে খুবই পছন্দ করেছি। আমরা মহাশূন্যে যেতে পারবো খোলা মনের অধিকারি হয়ে।”
কিছুদিন আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘ফ্রোজেন’ সিনেমায় সমকামিতার দাবিতে বক্তব্য দেন অনেক ভক্ত। তারা ক্যাপ্টেনের জন্য একজন পুরুষ সঙ্গী এবং এলসার জন্য একজন নারী সঙ্গীনির দাবি করেন।
‘স্টার ট্রেক: দি অরিজিনাল সিরিজ’-এর মাধ্যমে কমিকবই এবং উপন্যাসের পাতা থেকে টিভির পর্দায় উঠে আসে স্টার ট্রেক। সিরিজটির পটভূমি তৈরি করেছিলেন বিখ্যাত কল্পবিজ্ঞান ব্যক্তিত্ব জিন রডেনবারি। প্রথম সিরিজে স্টারশিপ এন্টারপ্রাইজ নামে একটি মনুষ্যনির্মিত নভোযানের আকাশগঙ্গা ছায়াপথব্যাপী অভিযান দেখানো হয়। এই নভোযানের ক্যাপ্টেনের চরিত্রটি হচ্ছে ক্যাপ্টেন জেমস টি কার্ক, তার ফার্স্ট অফিসারের নাম স্পক। এই দুই চরিত্রে উইলিয়াম শ্যান্টার এবং লেনার্ড নিময় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান।
প্রথম সিরিজটি ১৯৬৬ সালে শুরু হয়ে তিন মৌসুম ধরে চলে। তিন মৌসুমের প্রথম সিরিজটি শেষ হওয়ার পর প্রচারিত হয় এর অ্যানিমেশন সিরিজ। ছোট পর্দা ছেড়ে এরপরই বড়পর্দায় উঠে আসে ‘স্ট্রার ট্রেক’। নির্মিত হয় একই থিমের ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
পরবর্তীতে নির্মীত হয় আরও চারটি টেলিভিশন সিরিজ, যার মধ্যে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এই সিরিজে এন্টারপ্রাইজের পরবর্তী প্রজন্মের ক্যাপ্টেন জিন-লুক পিকার্ডের চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্টের অভিনয় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে।
২০০৯ সালে জে জে আব্রামস-এর হাত ধরে নতুন করে শুরু হয় ‘স্টার ট্রেক’ ফিল্ম সিরিজ। প্রথম সিনেমা থেকেই, ক্যাপ্টেন কার্ক, স্পক এবং উহুরার চরিত্রে অভিনয় করছেন ক্রিস পাইন, জ্যাচারি কুইন্টো এবং জোয়ি স্যালডানা। এই সিরিজ থেকেই সুলুর ভূমিকায় অভিনয় করতে শুরু করেন জন চো।
চলতি বছরের ২০ জুন নতুন সিরিজটির চেকভ চরিত্রে অভিনয় করা আন্তন ইয়েলচিন মাত্র ২৭ বছর বয়সে এক আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। লসএঞ্জেলেসে নিজ বাড়ির সামনে তারই গাড়ির আঘাতে নিহত হন তিনি।
