২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিপিকার স্বপ্নযাত্রা

বলিউড থেকে হলিউড- ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোনের দাপট এখন সব দুই জায়গাতেই। এবার তিনি জানালেন, অভিনয়ের স্বপ্ন পূরণের জন্য কেবল হলিউডই নয়, বিশ্বের যেকোন প্রান্তে ছুটতে তিনি প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 01:16 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিপিকা কথা বলেন তার অভিনয় জীবন, হলিউড যাত্রা, ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে।

তিছুদিন আগেই টানা চার মাস মার্কিনী অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স- রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’ সিনেমার শুটিং শেষে দেশে ফিরেছেন তিনি। এই সময়টাতে ভারতে নিজের জায়গা খুইয়ে ফেলেননিতো? 

দিপিকা বলেন, “আমি আসলে এসব নিয়ে একদমই ভাবিনা। আমি সবসময় নিজের স্বপ্নের কথা চিন্তা করি। এটিই আমাকে এতদূর নিয়ে এসেছে। আমি স্টক মার্কেটে মতো আমার ক্যারিয়ার দেখতে চাইনি। আমি ভালো সিনেমা করতে চাই,দর্শককে অনুপ্রাণিত করতে চাই। একজন অভিনয়শিল্পী হিসাবে আমার কাজে যদি কেউ অনুপ্রাণিত হয় সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

নিজের হলিউড যাত্রা নিয়েও কথা বলেন দিপিকা। “হলিউডে শুটিং আমার জন্য একদমই নতুন একটি অভিজ্ঞতা ছিল।ওখানে কিছু ভালো বন্ধু পেয়েছি। অনেক মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে।পৃথিবীটা এখন অনেক এগিয়ে যাচ্ছে।কাজের ধরন ও বদলেছে।নিজেকে এগিয়ে নিতে চাইলে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হওয়া দরকার। বর্তমানে ভাষা কোনো বাঁধা না। সিনেমা এখন শুধু বিনোদনের মাধ্যম না,অনেক শিক্ষণীয় বিষয়গুলোও তুলে ধরা হয়।আর ওখানে কাজ করে অনেক মজা পেয়েছি,এটাই আমার কাছে সবচেয়ে খুশির ব্যাপার।”

‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’-এ নিজের সহশিল্পীদের নিয়েও উচ্চকীত প্রশংসা শোনা গেল দিপিকার কণ্ঠে।

“শুটিঙের সেটে সবাই ছিল অনেক মজার, উষ্ণ এবং সহযোগীতাপূর্ণ। তা সে ভিন ডিজেলই হোক, বা ডনি ইয়েন, অথবা রুবি রোজ। সবাই ভারতকে জানার ব্যাপারে অনেক বেশি আগ্রহী। আমাদের সিনেমা নিয়েও ওরা অনেক জানে। ওরা সবাই অসাধারণ মানুষ, আমার বন্ধু হয়ে গেছে এই ক’দিনেই। সবার সঙ্গেই অনেক মজা করে কাজ করেছি।”

দিপিকার জন্য ২০১৫ ছিল সাফল্যে মোড়া আরেকটি বছর। ওই বছর তার অভিনীত তিনটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে। ‘পিকু’, ‘তামাশা’ ও ‘ বাজিরাও মাস্তানি’ ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি পুরস্কারের মঞ্চেও করে বাজিমাৎ। আর তাই আগামী দিনেও এই ধরণের সিনেমায় অভিনয় করতে চান তিনি।

`ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় সিনেমা ‘দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’ পরিচালনা করেছেন ডি জে কারুসো। যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।