সেলুলয়েডে জঙ্গিবাদ
উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসী হামলায় গত কয়েক মাসেই বিশ্বজুড়েই ঘটেছে অসংখ্য প্রাণহানি, যার সর্বশেষ সংযোজন গুলশানের ক্যাফেতে ২০ জিম্মির গলা কেটে হত্যার ঘটনাটি।
বিশ্বজুড়েই যখন সব দেশে, সব কালে বর্বরোচিত এইসব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সকল পেশার সচেতন মানুষেরা, তখন চলচ্চিত্র নির্মাতারাও হাত গুটিয়ে বসে থাকেননি। সেলুলয়েডের ভাষায় প্রতিবারই মোক্ষম জবাব দিয়েছেন সন্ত্রাসীদের; তুলে ধরেছেন যুদ্ধবাজ বিশ্বনেতাদের ভয়ঙ্কর কপটতার দিকটিও।
জঙ্গিবাদ বিরোধী সেরকমই আলোচিত কিছু সিনেমা নিয়েই এই আয়োজন। ঈদের ছুটিতে মানবতাবাদী এই দশ সিনেমা দেখার ফুরসত আপনি পেতেই পারেন।
১. রানওয়ে (২০১০)
বাংলাদেশের কিংবদন্তী নির্মাতা তারেক মাসুদের সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য সিনেমা এটি, অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করার আগে এই সিনেমার মাধ্যমেই তিনি তুলে ধরেছিলেন এদেশে জঙ্গিবাদের উত্থানের প্রেক্ষাপটকে।
হতদরিদ্র তরুণ সমাজের প্রতীভূ হিসেবে সিনেমার মূল চরিত্র হয়ে দেখা দেয় রুহুল, যে স্বপ্ন দেখেনা সমৃদ্ধ কোন জীবনের। যাকে পরকালের প্রলোভন দেখিয়ে ভেড়ানো হয় জঙ্গিদের দলে, সেখানে দেখা মেলে তারই মতো পথভ্রষ্ট ক’জন যুবকের। এরা ‘ইহকালের জীবন’ বিলিয়ে দিতে প্রস্তুত ‘পরকালে বেহেস্ত’ লাভের আশায়। আর এই আশাতেই ‘বেদাতী কাফেরদের’ থামাতে তারা আত্মঘাতি বোমা হামলায় মেরে ফেলে শত শত সিনেমাপ্রেমী দর্শককে।
প্রয়াত নির্মাতা তারেক মাসুদের সিনেম্যাটিক ভাষায় লেখা হয়েছে দেশের জঙ্গি উত্থানের ভেতরের দশা, যে কারণগুলোয় জেএমবি কিংবা হরকাতুল জিহাদের মত মৌলবাদি সংগঠনে যোগদানে প্রলুব্ধ হয়েছিল অসংখ্য তরুণ। শ্রেণীবৈষম্যের অভিশাপ আর রাজনীতির দাবার চাল হয়ে থাকা হতভাগা এই মানুষদের জীবন চরিতের প্রতিফলন যতোটা না ভয়াবহ, তার চাইতে অনেক বেশি মানবিক এবং হৃদয়স্পর্শী।
ইতালীয় নয়া-বাস্তববাদ সিনেমা যুগের এক অনবদ্য সিনেমা হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে 'দ্য ব্যাটল অফ আলজিয়ার্স'। সিনেমাটির ভাষা এতটাই বাস্তব এবং এতটাই নিষ্ঠুর যে, একটি পর্যায়ে গিয়ে, এটি কেবলই গল্প- সেটা রীতিমতো বলে বেড়াতে হয়েছে নির্মাতা গিলো পন্টেকরভোকে।
‘দ্য ব্যাটেল অফ আলজিয়ার্স’ পলিটিকাল ওয়ার ড্রামার এক বিশুদ্ধ উদাহরণ- যেখানে নির্মাতা তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী থেকে তুলে ধরেছেন আলজেরিয়ায় দখলদারি সেনাবাহিনী এবং বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের ভয়াবহতাকে।
সিনেমায় আলজেরিয় বিদ্রোহীদের নিষ্ঠুরতা যেভাবে দেখানো হয়েছে, পন্টেকরভো সমান দৃঢ়তা নিয়েই চিত্রিত করেছেন ফ্রেঞ্চ সৈন্যদের ভয়াবহতাও। সর্বোপরি, রাজনৈতিকভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গীর এই সিনেমা যেন যুদ্ধ-বিগ্রহের ভয়াবহতার এক জ্বলজ্যান্ত রূপ।
২০০৯ সালের ১১ সেপ্টেম্বর- গোটা বিশ্ব এই দিনটিকে মনে রেখেছে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলার দিন হিসেবে। এইদিনে ইউনাইটেড এয়ারলাইন্সের ৯৩ নম্বর ফ্লাইটটি ছিনতাই করে ধ্বসিয়ে দেওয়া হয় টুইন টাওয়ার। চোখের নিমিষে প্রায় তিন হাজার নিরিহ প্রাণ মিশে যায় ধুলোয়, জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার এই অতর্কীত আক্রমণে।
নাইন ইলেভেনের সেই ভয়াল ঘটনা অবলম্বনেই নির্মাতা পল গ্রিনগ্রাস তৈরি করেন ‘ইউনাইটেড ৯৩' সিনেমাটি। চোখের সামনে অমোঘ মৃত্যু, তবুও জঙ্গিদের হাত থেকে যাত্রীদের বাঁচার তীব্র আকাঙ্খা যেভাবে তুলে ধরেছেন নির্মাতা এই সিনেমায়, তা এক কথায় অনবদ্য।
আর সেকারণেই থ্রিলার ঘরানার এই সিনেমা দর্শকের পাশাপাশি কুড়িয়েছিল সমালোচকদের প্রশংসাও। আর বক্স অফিসেও মেলে তার প্রতিফলন। দেড় কোটি ডলারে তৈরি সিনেমাটি বিশ্বব্যাপি আয় করেছিল সাড়ে সাত কোটি ডলারেরও বেশি।
অন্ধ বিশ্বাস আর উগ্রবাদকে আঁকড়ে ধরে জঙ্গিবাদের কাছে তরুণদের নিজেদের সঁপে দেওয়ার বিষয়টি তুলে ধরে ইসরাইলি নির্মাতা হানি আবু আসাদ নির্মিত 'প্যারাডাইস নাও' সিনেমাটি।
ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধু সুহা এবং সাঈদ প্রলুব্ধ হয় পরকালের মোহে, যোগ দেয় জঙ্গি সংগঠনে। তেল আবিবে এক আত্মঘাতী বোমা হামলার জন্য দুজনকেই নির্বাচন করা হয় ওই সংগঠন থেকে। কিন্তু হামলার পরেই সিনেমার ঘটনাপ্রবাহ মোড় নেয় ভিন্ন এক দিকে।
পরকালে ‘স্বর্গ লাভ’-এর জন্য ধর্মের অপব্যাখ্যায় অন্ধবিশ্বাসী যে তরুণেরা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করেনা, বাস্তবে তাদের পরিণতি কী হয়, আবু আসাদ সেটাই তুলে ধরেছেন তার 'প্যারাডাইস নাও' সিনেমাটিতে।
জঙ্গিদের অনুমেয় 'স্বর্গ' যে একটি দেশের সাধারণ জনগণের জন্য হয়ে উঠতে পারে জলজ্ব্যান্ত নরক, এই সিনেমা দৃশ্যগুলো যেন সাক্ষ্মী সেসব ভয়াবহতারই।
অনেকেই দাবি করেন, 'শিন্ডলার্স লিস্ট' কিংবা 'সেভিং প্রাইভেট রায়ান'-এর মত কালজয়ী সিনেমার নির্মাতা স্টিভেন স্পিলবার্গের এখনকার সিনেমায় অনুপস্থিত আগের সেই যুদ্ধবিরোধী বার্তা। তবে, এই দাবীকে উড়িয়ে দেওয়ার মত উপাদান পাওয়া যায় ২০০৫ সালে তার নির্মিত 'মিউনিখ' সিনেমায়।
১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্স ট্র্যাজেডি এখনও এক ক্ষত হয়ে আছে ইতিহাসে। এগারো ইসরায়েলি ক্রীড়াবিদকে সেবার নৃশংসভাবে হত্যা করে পাঁচ ফিলিস্তিন আততায়ী। ইতিহাসের সত্য এই ঘটনাকে কেন্দ্র করে স্পিলবার্গ নির্মাণ করেন 'মিউনিখ' সিনেমাটি, যেখানে মোসাদের তিন কর্মকর্তাকে পাঠানো হয় ইউরোপে লুকিয়ে থাকা ফিলিস্তিন জঙ্গী সংগঠন 'ব্ল্যাক সেপ্টেম্বর'-এর সদস্যদের হত্যা করতে, যারা জড়িত ছিল মিউনিখ হত্যাযজ্ঞের সঙ্গে।
ষাটের দশক পরবর্তী ইউরোপ জুড়ে জঙ্গী সংগঠনগুলোর উত্থান এবং নাশকতার টুকরো টুকরো চিত্র ধরা পড়ে এই সিনেমায়। সেই সঙ্গে তিন মোসাদ কর্মকর্তার চরিত্রে এরিক ব্যানা, ড্যানিয়েল ক্রেইগ এবং সায়রান হাইন্ডস-এর অভিনয় ছাপ রেখে যায় দর্শকদের মনেও।
সময়টা ১৯৮৬ সাল। ৩৭৯ জন যাত্রী নিয়ে ফ্র্যাঙ্কফুটে উড়াল দিতে প্রস্তুত প্যান অ্যাম ৭৩। কিন্তু আকাশে ওড়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটি পড়ে যায় জঙ্গি হামলার কবলে।
ফিলিস্তিনের আবু নিদাল জঙ্গি সংগঠনের চার সশস্ত্র আততায়ী দখল নেয় পুরো বিমানের। সঙ্কটময় এমন পরিস্থিতিতে ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন ২২ বছর বয়সী ভারতীয় বিমানবালা নিরজা ভানোত। তার অদম্য সাহসিকতায় বিমান হাইজ্যাকের ঘটনায় প্রাণে বেঁচে ফেরেন ৩৫৯ জন যাত্রী, কিন্তু জঙ্গীদের অতর্কিত গুলিবর্ষণে প্রাণ হারান এই সাহসী নারী।
নিরজার অকুতোভয় আত্মনিবেদনের গল্প নিয়ে চলতি বছর ভারতে মুক্তি পায় 'নিরজা' সিনেমাটি। রাম মাধভানি নির্মিত এই সিনেমায় নিরজা চরিত্রে অভিনয় করেন সোনাম কাপুর, যার অনবদ্য অভিনয়ে দর্শকদের চোখের সামনে চলে আসে প্যান অ্যাম ৭৩ বিমান হাইজ্যাকের বাস্তব এক প্রতিফলন।
দর্শক ও সমালোচক- দুই মহলেই ব্যাপক সাফল্য পায় ভারতের গতানুগতিক বাণিজ্যিক ধারার থেকে অনেকটাই আলাদা এই সিনেমা। বছরের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমার খেতাবও অর্জন করে ‘নিরজা’।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা কর্মকর্তাদের বীরত্বপূর্ণ অভিযান নিয়ে ক্যাথরিন বিগলো তৈরি করেছিলেন 'দ্য হার্ট লকার'। সিনেমায় দেখানো ‘মার্কিন দেশাত্মবোধ’ অস্কার মঞ্চে ঝড় তুললেও প্রশ্ন রেখে গিয়েছিল অনেক। মার্কিন সেনাবাহিনীকে এই সিনেমায় যতোটা মহৎ হিসেবে দেখানো হয়েছে- তা নিয়ে বিতর্ক হয়েছে বেশ।
আর তাই, বিগলোর পরের সিনেমা 'জিরো ডার্ক থার্টি' নিয়েও আশঙ্কা ছিল তুমুল বিতর্কের। তবে, এবোরের সিনেমার কেন্দ্রবিন্দু আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হওয়ায়, সেসব বিতর্ক উবে যায় সিনেমা মুক্তির পরপরই।
গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি করা এই জঙ্গি নেতাকে ধরতে মার্কিন সিআইএ কর্মকর্তাদের শ্বাসরুদ্ধকর অভিযানের সেলুলয়েড চিত্ররূপ হলো 'জিরো ডার্ক থার্টি'। জঙ্গিদের অসহনীয় নির্যাতনের চিত্র থেকে শুরু করে সিআইএ’র অভিযানের খুঁটিনাঁটি বিশ্লেষণ সিনেমাটিকে পরিণত করে বিশ্বের সবচেয়ে আলোচিত জঙ্গি দমন অভিযানের বাস্তব প্রতিফলন হিসেবে।
সিআইএ এজেন্ট মায়া চরিত্রে জেসিকা চ্যাস্টেইনের দুর্দান্ত অভিনয় কাহিনীতে যোগ করে এক অনন্য মাত্রা।
ক্রিস্টোফার নোলানের সিনেমাটি সুপাহিরো ফিকশন হলেও- কিভাবে এক ক্ষ্যাপাটে মানুষের উগ্রবাদী আদর্শ নরক বানিয়ে ফেলে গোটা এক শহরকেই, তারই এক প্রতিকী রূপায়ণ।
মানুষের মৌলিক বিশেষত্ব 'ভয়'কে রীতিমত ধ্বংসযজ্ঞের অস্ত্র বানিয়ে গথাম শহরে নাশকতার রাজত্ব তৈরি করে জোকার। ব্যাটম্যানের এই চিরশত্রু চোখের পলকেই উড়িয়ে দিতে পারে গোটা হাসপাতাল, অথবা জিম্মি নাগরিকদের দুভাগ করে এক একদলকে বাধ্য করতে পারে অন্যদের মেরে ফেলতে।
অন্যদিকে ছবির সুপারহিরো ব্যাটম্যান, যে ব্যাক্তি জোকারকে মারতে সক্ষম হলেও, ব্যার্থ হয় তার আদর্শকে নিশ্চিহ্ন করতে। মৃত্যু নিশ্চিত জেনেও ব্যাটম্যানের দিকে বিদ্রুপ করতে তাই ভোলে না সে।
জটিল মনস্তত্বের এই চরিত্রটিতে অভিনয় প্রয়াত হিথ লেজারকে করেছে অমর। মৃত্যুর পরও অস্কারের মঞ্চ গেয়েছে তার জয়গান, ভূষিত করেছে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার সম্মানে।
জঙ্গি মানেই মুসলিম উগ্রপন্থী দাড়িওয়ালা পুরুষ, আর জিম্মি সঙ্কট মানেই ইসলামী উগ্রপন্থীদের কবলে পড়া পশ্চিমা নিরিহ মানুষ- গতানুগতিক এই ধারণাকে সজোরে চপেটাঘাত করে নব্বইয়ের দশকের এই সিনেমা।
নির্মাতা মাইকেল বে হলিউডের সবচেয়ে সমালোচিত অ্যাকশন নির্মাতাদের একজন হলেও এই সিনেমাটি নিঃসন্দেহে তার ক্যারিয়ারে নির্মিত অন্যতম জটিল এবং শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিনেমা।
মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ মেরিন কর্মকর্তা ফ্রান্সিস এক্স. হামেল তার বিশ্বস্ত সেনা সদস্যদের সহায়তায় দখল নেয় স্যান ফ্র্যানসিসকো অ্যালকাট্রাজ দ্বীপে, যেখানে তারা জিম্মি করে ৮১ জন পর্যটককে। হামেল-এর হুমকি ছিল, বিষাক্ত রাসায়সিক গ্যাস দিয়ে মেরে ফেরা হবে এদের সবাইকে, যদি মার্কিন সরকার তাদেরকে মুক্তিপণ হিসেবে ১০ কোটি ডলার না দেয়!
এমনই এক সঙ্কটময় পরিস্থিতিতে ত্রানকর্তা হিসেবে মার্কিন সরকার নিয়োগ করে ঘরকুনো এক কেমিস্ট স্ট্যানলি গুডস্পিড ও ত্রিশ বছর ধরে অ্যালকাট্রাজ কারাগারে বন্দী এক ব্রিটিশ বৃদ্ধ জন মেইসনকে। অবশেষে এই দুজনের হাত ধরেই আসে বিজয়।
গুডস্পিডের চরিত্রে নিকোলাস কেইজ এবং মেইসনের ভুমিকায় স্যার শন কনারির অনবদ্য অভিনয় সিনেমাটিকে পরিণত করে ব্লকবাস্টার হিটে। সমালোচকদের প্রশংসাও কুড়োতে সক্ষম হয় সিনেমাটি।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মধ্যবর্তী স্নায়ুযুদ্ধের ইতিহাস গত শতাব্দীর অন্যতম আলোচিত বিষয়। নব্বই এর দশকে সোভিয়েতের পতনে অবসান ঘটে সেই দীর্ঘ স্নায়ুযুদ্ধের।
হলিউডে মার্কিন প্রপাগান্ডা সিনেমা নির্মাণের প্রবণতা নতুন নয়। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আদর্শগত কিংবা কৌশলগত কারণে অবস্থান নেওয়া রাষ্ট্রকে বিভিন্ন সিনেমায় দেখানোর চেষ্টা করা হয়েছে 'সন্ত্রাসবাদ' এর সূত্র ধরে। 'এয়ার ফোর্স ওয়ান'- এরকমই এক সিনেমা হলেও সোভিয়েত সন্ত্রাসবাদের টুকরো চালচিত্র ধারণ করে সিনেমার ঠাণ্ডা মেজাজের খলনায়ক হাইজ্যাকার আইভান করশুনোভের চরিত্রে। মার্কিন প্রেসিডেন্ট জেইমস মার্শালকে বহনকারী মার্কিন বিমান হাইজ্যাক করে নেয় করশুনোভের জঙ্গী সংগঠন। তাদের শর্ত মেনে না নিলে প্রতি আধ ঘন্টা পর পর হত্যা করা হবে হতভাগ্য একজন যাত্রীকে।
উলফগ্যাং পিটারসেন নির্মীত 'এয়ার ফোর্স ওয়ান' সিনেমায় গ্যারি ওল্ডম্যান এবং হ্যারিসন ফোর্ডের অনবদ্য অভিনয় সিনেমায় সঞ্চার করে অনবদ্য ক্লাইম্যাক্সের।
