২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ প্রযোজনায় জয়ার আপত্তি

অভিনেত্রী জয়া আহসান বলেছেন, তিনি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ করতে আগ্রহী নন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 02:38 PM

Updated : 11 Oct 2022, 08:27 PM

পুরনো খবর:

জয়া এবার প্রযোজনায়
‘নামহীন চরিত্রে অভিনয় করেছি’

পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া এই কথা বলেন।

যৌথ প্রযোজনার সিনেমা দুই বাংলার জন্য কতটা ইতিবাচক- এই প্রশ্নের উত্তরে জয়া বলেন, “সত্যিই কি এগুলো ওয়ার্ক করছে? আমার তো মনে হয় না। এখানকার ইন্ডাস্ট্রির লোকেরা বলছেন, এই ছবিগুলো একদম চলছে না। কয়েক দিন হলে থেকেই চলে যাচ্ছে। ফলে দু’দেশেই সিনেমাগুলো ভাল ভাবে চলছে- এমনটা নয় কিন্তু। এই প্রজেক্টের কোনও ছবিই আমি হিট বলতে পারছি না। এখনও পর্যন্ত পজিটিভ কিছু দেখছি না।"

যৌথ প্রযোজনার বাণিজ্যিক সিনেমা নিয়ে হতাশা ব্যক্ত করলেও বিকল্পধারার সিনেমাগুলোকে ভাল চোখেই দেখছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা।

এক্ষেত্রে গৌতম ঘোষ-এর সিনেমাগুলোর উদাহারণ টেনে তিনি বলেন, “তবে ‘মনের মানুষ’ বা ‘শঙ্খচিল’-এর মতো ছবি আরও হওয়া উচিত। আসলে বাণিজ্যের বাইরে গিয়ে সংস্কৃতির বিষয়টা মাথায় রেখে কাজ হওয়া উচিত।"

অরিন্দম শীলের ‘আবর্ত’ দিয়ে টলিগঞ্জে পা রেখেছিলেন জয়া। এরপর ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘বাঙালি ভূতের গপ্পো’, সৃজিত মুখার্জির ‘রাজাকাহিনী’ সিনেমাতে অভিনয় করে কলকাতায় নিজের জায়গা গড়ে নেন এই অভিনেত্রী।

ঢাকা এবং টালিগঞ্জের সিনেমাতে কাজ করার পার্থক্যের কথাও জয়া তুলে ধরেন ওই সাক্খাৎকারে।

তিনি বলেন, “আমি ভারত-বাংলাদেশ দু’জায়গাতেই স্বচ্ছন্দ। তবে ভারতে সব আলাদা ডিপার্টমেন্ট। তাই টলিউডে কাজ করাটা অনেক আরামের। বাংলাদেশে অনেক বেশি নিজের দায়িত্বে কাজ করতে হয়। কস্টিউম কী পরব নিজেকে ভাবতে হয়, বা কোনও কোনও ক্ষেত্রে আর্টিস্ট হিসেবেও মাথা ঘামাতে হয়।”

জয়া আরও বলেন, ঢাকাই ছবির দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা কমে গেছে। এটাও ভঅল সিনেমা নির্মাণের অন্যতম চ্যালেঞ্জ।

তিনি বলেন, “হলেরও সমস্যা আছে। দর্শকদের হলে যাওয়ার প্রবণতা কমে গিয়েছে। সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা, রুচির পরিবর্তন— এ সব নিয়ে ভাবতে হবে। একটু সময় লাগবে হয়ত। তবে ভাল ছবির জন্য সরকার অনুদান দিচ্ছে, সেটা খুব ভাল। আসলে ভাল কাজের জন্য প্রযোজকের খুব অভাব ওখানে।"

সম্প্রতি ২০১৫-১৬ অর্থবছরের সরকারী অনুদানপ্রাপ্ত ছবির তালিকায় এসেছে হুমায়ূন আহমেদ-এর উপন্যাস অবিলম্বেনে নির্মিতব্য সিনেমা ‘দেবী’র নাম। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের ভূমিকায় দেখা যাবে জয়াকে।

 এখস জয়া অভিনয় করছেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রে । সম্প্রতি আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ ও সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ সিনেমাদুটিতেও অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

চলতি মাসে মুক্তি পাবে ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘ভালবাসার শহর’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।এর মধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার।