শাকিবের প্রশংসায় এবার দেব (ভিডিও)
'শিকারি'র টিজার মুক্তির পরপরই শাকিব খানের প্রশংসা শোনা গেল কলকাতার নায়ক দেব-এর মুখে।
ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা 'শিকারি'। এতে শাকিব জুটি বেঁধেছেন টালিগঞ্জের 'মিষ্টি মেয়ে' শ্রাবন্তি চ্যাটার্জি। দুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার, যেখানে শাকিবকে দেখা গেছে একজন দুর্ধর্ষ 'শিকারি' রূপেই।
শাকিবের এই মারদাঙ্গা অবতার নজর কেড়েছে ওপার বাংলার দর্শকদেরও। টুইট করে ঢাকাই সুপারস্টারের প্রশংসা করতে দেরি করেননি টালি তারকা দেব অধিকারি।
প্রায় একমিনিটের ট্রেইলারের শুরুতেই পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে আসা সুলতানকে; কলকাতা শহরের অন্যতম ত্রাসে পরিণত হয়েছে যে। কলকাতার অলিতে গলিতে শাকিব খানের দারুণ সব অ্যাকশনের ঝলক মিলেছে ভালভাবেই।
টিজারের শেষে শাকিবের সংলাপ ‘সব খেল... খতম!’ আভাস দিচ্ছে জমজমাট এক অ্যাকশন থ্রিলারেরই।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে 'শিকারি'। টিজার প্রকাশের আগে মুক্তি পায় সিনেমাটির প্রথম গান 'হারাবো তোকে', যা এরই মধ্যে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি দেখা গানের রেকর্ড গড়েছে।
'শিকারি' যৌথভাবে পরিচালনা করেছেন জয়দিপ মুখার্জি ও জাকির হোসেন সীমান্ত। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও পেলে ব্যানার্জি। সিনেমাটিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রেবেকো, সব্যসাচি চক্রবর্তী, খরাজ মুখার্জী প্রমুখ। সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে ৬ জুলাই, আর ভারতে ২ অগাস্ট।
