২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি চাপায় প্রাণ গেল 'স্টার ট্রেক' তারকার

নিজের গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে রুশ অভিনেতা আন্তন ইয়েলচিনের। জনপ্রিয় সাই-ফাই ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ট্রেক’-এর রিবুটে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 06:41 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

পুলিশ জানিয়েছে, মূল রাস্তার পাশেই একটি দেয়ালে নিজের গাড়িই তাকে চাপা দিলে মৃত্যু হয় ২৭ বছর বয়সী এই তারকার।

রয়টার্স বলছে, লস এঞ্জেলসে নিজ বাসভবনের সামনেই খাড়া একটি রাস্তায় গাড়ি থেকে বের হয়ে এসে ইট নির্মিত নিরাপত্তা দেয়ালের সামনে দাঁড়িয়েছিলেন ইয়েলচিন। লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র জেনি হাউজার জানান, ঢালু রাস্তা দিয়ে গাড়িটি একাই পেছন দিকে নেমে এসে চাপা দেয় ইয়েলচিনকে।

"গাড়িটি নিরাপত্তা দেয়ালের বিপরীতে তাকে চাপা দেয়, এবং এই ঘটনার আকস্মিক আঘাতে মৃত্যু হয় তার।"

সেদিন একটি মহড়ায় যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন ইয়েলচিন। তার অনুপস্থিতিতে বন্ধুরা তার বাড়ির কাছে গেলে তাকে মৃত অবস্থায় পান। কোন সন্দেহজনক ঘটনার আশঙ্কা এখনও করা হয়নি, তবে দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেই জানান হাওজার।

সেইন্ট পিটসবার্গে জন্ম নেওয়া এই তরুণ তারকা অল্প সময়েই অর্জন করেছেন সুনাম। শিশু অবস্থাতেই তিনি তার পুরো পরিবারসহ চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তারকাখ্যাতি পান জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি 'স্টার ট্রেক'-এর রিবুটে রুশ স্টারশিপ ন্যাভিগেটর চেখভের চরিত্রে অভিনয় করে।

২০০৯ সালে প্রথম অভিনয়ের পর সিকুয়াল 'স্টার ট্রক ইনটু ডার্কনেস' সিনেমাতেও একই চরিত্রে ফেরেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি সিকুয়াল 'স্টার ট্রেক বিয়ন্ড'  সিনেমাতেও দেখা যাবে তাকে।

তরুণ বয়সেই অভিনয় ক্যারিয়ার শুরু করা ইয়েলচিন প্রথমেই পেয়েছেন কিংবদন্তী তারকা অ্যান্থনি হপকিন্স এবং প্রয়াত রবিন উইলিয়ামসের সান্নিধ্য।

২০০১ সালে ইয়েলচিন হপকিন্সের সঙ্গে অভিনয় করেছিলেন 'হার্টস ইন অ্যাটলানটিস' সিনেমায়। ২০০৪ সালে রবিন উইলিয়ামসের সঙ্গে তাকে দেখা গিযেছিল 'হাউস অফ ডি'তে। প্রখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ পরিচালিত 'টেইকেন' মিনি সিরিজে গুরুত্বপূর্ণ জেইকব ক্লার্ক চরিত্রে অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের উল্লেখযোগ্য আরও সিনেমার মধ্যে রয়েছে 'টার্মিনেটর স্যালভেশন', 'চার্লি বেনেট', 'ফ্রাইট নাইট' এবং 'অনলি লাভারস লেফট অ্যালাইভ'।

হলিউডের অন্যান্য তারকারা ইয়েলচিনের মৃত্যুতে বিস্ময় আর শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

'স্টার ট্রেক' রিবুটের পরিচালক জাস্টিন লিন টুইটারে নিজের বিস্ময় প্রকাশ করে বলেন, "এখনও স্তব্ধ হয়ে আছি। ভালো থেকো, অ্যান্টন। তোমার চেষ্টা এবং উদ্যোম সবার সঙ্গেই থাকবে যারা তোমাকে চিনবার সৌভাগ্য পেয়েছে।"

'স্টাফ' টিভি সিরিজে ইয়েলচিন অভিনয় করেছেন হ্যাঙ্ক আজারিয়ার সঙ্গে। টুইটারে এই তারকা শোক প্রকাশ করে লেখেন, "সে অসাধারণ এক তরুণ ছিল। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।"