২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আব্বুর সঙ্গে ঘুরে ঘুরে ইফতারি কিনতাম’

শৈশবের রোজা মানেই বাবার সঙ্গে বাইরে গিয়ে নানা পদের ইফতারি কেনা- এমনটাই বললেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। রোজা নিয়ে পিয়ার স্মৃতির অনেকটা জায়গা জুড়ে আছে বাবার সঙ্গে ঘুরে বেড়ানো ঘটনাগুলো। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 05:30 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

“ছোটবেলা থেকেই আমি খুব একটা খেতে চাইতাম না। তাই রোজা এলেই আব্বু আমাকে বাইরে নিয়ে যেতেন নানা পদের ইফতারির লোভ দেখাতে। আব্বুর সঙ্গে ঘুরে ঘুরে হরেক পদের ইফতারি কিনে ফিরতাম ঘরে।”

বাবার সঙ্গে কেনা সেইসব ইফতারি নাকি বাসায় ফিরে প্রায় কিছুই খেতে পারতেন না পিয়া!

তিনি বলেন, “কিনতাম ঠিকই একগাদা খাবার। মনে মনে ঠিক করতাম, আমি একাই সব খেয়ে ফেলবো! আব্বুকেও দেব না। সেই উদ্দেশ্যে টেবিলে নিজের সামনেই চার-পাঁচটা প্লেট সাজিয়ে বসে যেতাম। কিন্তু খাওয়ার সময় আসলেই উবে যেত সব উৎসাহ!”

শুধু ইফতারি নয়, সেহেরি নিয়েও পিয়ার রয়েছে মজার অভিজ্ঞতা।

পিয়া বলেন, “তখন ভোর বেলা সেহেরির সময় কিছুক্ষন পর পরেই কেবল পানি খেতাম। যেন সারাদিন রোজা রেখে পিপাসা না লাগে। কিন্তু দিনের বেলায় হতো ঠিক এর উল্টোটাই। একটু পরপরই গলা শুকিয়ে কাঠ হয়ে যেত।”

খুব ছোটবেলা থেকেই নিয়মিত রোজা রাখার অভ্যাস গড়ে তুলে ছিলেন পিয়া।

তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই বড়দের মতো নিয়মিত রোজা রাখতাম। বলতে গেলে আট কিংবা নয় বছর বয়স থেকেই রোজা রাখা শুরু করেছি। অনেকের ক্ষেত্রে যেমনটি হয় রোজার দিনে বাবা-মায়েরা তার ছেলেমেয়েকে দিনে দুইবার কিংবা তিনবার খাইয়ে দেন- আমার ক্ষেত্রে মোটেও এমনটি হয়নি।”

শৈশবে বাবার সঙ্গে ইফতারের সেইসব মজার ঘোরাঘুরি স্মৃতিগুলোকে এখন অনেক মিস করেন তিনি। কাজের ব্যস্ততায় জন্য বন্ধুদের সঙ্গেও ইফতার করা হয় না পিয়ার।

তিনি বলেন, “সম্প্রতি ফেইসবুকে দেখলাম আমার কিছু বন্ধুরা একসাথে বসে ইফতার করছে। তখন আমি ফেইসবুকে একটা স্ট্যাট্যাস দিয়েছি যে, আমি শেষ করে বন্ধুদের সাথে ইফতার করেছি তা আমার এখন মনে নেই!”

“আমি মিডিয়াতে কাজ করি ষোল বছর বয়স থেকে, সম্ভবত আমার এসএসসি পরীক্ষার পর থেকেই। সেই তখন থেকেই পরিবার, বন্ধুদের ছাড়াই ইফতার করতে হয়।”

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিয়োগিতায় বিজয়ী হওয়ার ধীরে ধীরে র‌্যাম্পে নিজের পরিচিতি গড়ে তোলেন জান্নাতুল ফেরদৌস পিয়া। ফ্যাশন শো, ফ্যাশন ফটোশুটের পাশাপাশি অনেক টিভি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।

২০১২ সালে রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। পরে আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রির্টান’ সিনেমায় প্রথমবারের মতো কেন্দ্রীয়  চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়াও তিনি রিকিয়া মাসুদোর ‘দ্য স্টোরি অব সামারা’ সিনেমাতেও দেখা গেছে তাকে।