শিল্পকলায় নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের জন্মদিন উদযাপন
রাজধানীর শিল্পকলা একাডেমিতে একুশে পদকজয়ী নির্দেশক, নাট্যকার ও অভিনেতা আতাউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন মঞ্চের অভিনেতা, নির্দেশক ও কর্মীরা।
পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তরে পদার্পন করা আতাউর ৫৫ বছরের বেশি সময় ধরে নাট্যচর্চায় যুক্ত রয়েছেন। বাংলাদেশের মঞ্চনাটকের কিংবদন্তিতুল্য এই ‘মঞ্চসারথি’ জন্মদিন উদযাপন করা হয় ‘আতাউর রহমান জয়ন্তী উদযাপন পর্ষদ’ এর ব্যানারে।
শনিবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আতাউর রহমানকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নাটক ও সঙ্গীতসহ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিথযশা ব্যক্তিত্বরা।
পাঁচ যুগেরও বেশি সময় ধরে নাট্যচর্চা, নাট্য নির্দেশনার যুক্ত থাকা আতাউর রহমানের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন বিশ্ব ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের সভাপতি ও জন্মদিন উদযাপন পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
“৫৫ বছরেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় তিনি যুক্ত ছিলেন। আনন্দ-বেদনা, উচ্ছ্বাসে তার সান্নিধ্য পেয়ে আমরা ঋদ্ধ হয়েছি। তার সঙ্গে আমাদের আনন্দ-বিনোদনের কত স্মৃতি!
“আতা ভাই আমাকে ভীষণ স্নেহ করেন। কালেভদ্রে মধুর বিড়ম্বনায় পড়তে হয়। মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে তিনি আমাকে তার লেখা কবিতা শোনান। তার কবিতায় আমি মুগ্ধ হই।”
নাট্যজন আতাউর রহমানকেও অনুষ্ঠানের শুরুতেই হাস্য-কৌতুকে মেতে উঠতে দেখা যায়। ফেলে আসা ছেলেবেলার স্মৃতি রোমান্থন করতে গিয়ে ‘নানার গল্প’ উপস্থাপনা করলেন। পাশাপাশি নোয়াখালী ও চট্টগ্রামের ভাষায় শোনালেন শিক্ষাজীবনের নানা মধুর স্মৃতি।
রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শোনালেন দুটি রবীন্দ্রসংগীত। ‘এই লভিনু সঙ্গ তব’, ‘জগতের আনন্দযজ্ঞে’ গান দুটির সঙ্গে মঞ্চনাটক নির্দেশনার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বলে জানালেন আতাউর রহমান।
ইংল্যান্ডে চিকিৎসাধীন ‘সব্যসাচী’ লেখক সৈয়দ শামসুল হক জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন আতাউর রহমানকে।
“হোয়াট এ ম্যাজিক নাম্বার....৭৫! তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা নিও আতা।”
নাট্যব্যক্তিত্ব কেরামত মওলা বলেন, “আতা ভাই এমন সব নাটক নির্দেশনা দিয়েছেন, আমি আর নতুন করে নাট্যনির্দেশনা দেওয়ার সাহস পাইনি। অভিনয়ে ফিরে যাওয়াই শ্রেয় মনে হয়েছে।”
বিশ্ব আইটিআই সভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, “আতা ভাইয়ের আত্মজীবনী লেখা উচিত। অনুরোধ থাকবে, রাশভারী কোনো কথা থাকবে না। তিনি বাস্তবে যেমন হাস্যরসিক, ঠিক তেমনই ভাষা হতে হবে। একইভাবে তার বলা জোকস নিয়ে একটি জোকস সংকলন করারও অনুরোধ করছি।”
অভিনেত্রী-নির্দেশক সারা যাকের বলেন, “৭৫ এমন কোনো বয়সই না। আতা ভাই এ বয়সে এসে কত প্রাণবন্ত! জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি উপভোগ করছেন। তার কর্মোদ্দীপনা, উৎসাহ দেখে মনে পড়ে রবিঠাকুরের গান ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’। তিনি আরো অনেকদিন বেঁচে থাকুন।”
আতাউর রহমান বছরের পর পর তার নাটক, অভিনয় ও নির্দেশনার মাধ্যমে নিরন্তর আনন্দ দিয়ে যাবেন বলে প্রত্যাশার কথা বলেন নির্দেশক ও অভিনেত্রী লাকী ইনাম।
স্মৃতিচারণা, অভিনন্দন পর্বে শংসাবচন পাঠ করেন অভিনেত্রী শিরিন বকুল। এ প্রজন্মের নৃত্যশিল্পী ও অভিনেত্রী পূজা সেনগুপ্ত পাঠ করলেন আতাউরপুত্র শাশ্বত চৌধুরীর ‘দ্য গাইড অফ লাইফ’ কবিতাটি।
আতাউর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, প্রাচ্যনাট, দৃষ্টিপাত নাট্যসংসদ, নাট্যধারা, চন্দ্রকলা থিয়েটার, আরণ্যক, স্বপ্নদল, নাট্যপুরাণ, পালাকারসহ বিভিন্ন সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞানে স্নাতকোত্তর আতাউর রহমান ১৯৬৮ সালে নাগরিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে মাইকেল মধুসূদন দত্তের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকটির মাধ্যমে নাট্য নির্দেশক হিসেবে আবির্ভূত হন তিনি।
নাগরিক নাট্য সম্প্রদায়ের এই প্রতিষ্ঠাতা ‘গডোর প্রতীক্ষায়’, ‘গ্যালিলিও’, ‘ঈর্ষা’, ‘রক্তকরবী’, ‘ক্রয়লাদ ও ক্রেসিদা’, ‘এখন দুঃসময়’, ‘অপেক্ষমান’- এর মতো নাটকগুলোও নির্দেশনা দিয়েছেন।
নাগরিকের বাইরে তিনি ‘আগল ভাঙার পালা’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘ম্যাকবেথ’, ‘গডোর প্রতীক্ষায়’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘নারীগণ’, ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’ নাটকগুলো নির্দেশনা দিয়েছেন।
সর্বশেষ নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের ‘তোরা সব জয়ধ্বনি কর’ নাটকটি নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’, ‘লেখনী’সহ নানা বই প্রকাশ করেছেন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আফ্রো-এশিয় গণসংহতি পরিষদের সাবেক সদস্য একইসঙ্গে বাংলাদেশ নাটকের আপিল কমিটি ও চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ শাখার পরে বিশ্বশাখার সভাপতিও ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর।
২০০১ সালে একুশে পদকপ্রাপ্তির পাশাপাশি তিনি ‘গ্লোরিয়াস সান’, ‘ভ্যালিয়েন্ট সান’, ‘মীর মকসুদ উল সালেহীন বজলুল করিম পদক’, ‘মুনীর চৌধুরী’ সম্মাননা পেয়েছেন ।
তার জন্মদিন আয়োজনে অন্যদের মদ্যে নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, অধ্যাপক আব্দুস সেলিম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
