চলচ্চিত্র নীতিমালার খসড়ায় ‘অসঙ্গতি’ দূর করার দাবি
জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়ায় নানা অসঙ্গতির কথা তুলে ধরে তা দ্রুত সংশোধনের তাগিদ দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতারা।
তাদের অভিযোগ, খসড়া নীতিমালায় ইতিবাচক বিভিন্ন দিক থাকলেও বেশ কিছু ‘অযৌক্তিক’ বাধ্যবাধকতা চলচ্চিত্র শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।
সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের নীতিমালা সংশোধনে গঠিত বিশেষ কমিটি জাতীয় চলচ্চিত্র নীতিমালা পরিবর্তন ও সেন্সর বোর্ডের নাম বদলে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড রাখার খসড়া প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
এই প্রস্তাবের পক্ষে বেশিরভাগ প্রযোজক-পরিচালকরা থাকলেও ‘বিকল্প ধারার’ নির্মাতারা বলছেন, চলচ্চিত্র সংসদ ও স্বাধীন নির্মাতাদের প্রণোদনা না দেওয়ায় স্বতন্ত্র শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রকে গড়ে তুলতে এ নীতিমালা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার প্রস্তাবিত নীতিমালাকে ‘ইতিবাচক’ মন্তব্য করলেও কয়েকটি ক্ষেত্রে আপত্তির কথা তুলে ধরেন।
মুশফিকুর রহমান গুলজার
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলচ্চিত্র নীতিমালায় নানা বিধিনিষেধ নিয়ে আমাদের আপত্তির কথা বিশেষ কমিটিকেও বলেছি। বিশেষ করে রাষ্ট্রের নানা দুর্নীতি, প্রশাসনের কর্তাব্যক্তিদের অপকর্ম নিয়ে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যে অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে সে বিষয়টা বলেছি। এছাড়াও চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বেশ কিছু ইস্যুতে আমরা আমাদের দাবি জানিয়েছি।”
গুলজার চলচ্চিত্রে গ্রেডেশন সিস্টেম চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, “কোন সিনেমাটি কোন বয়সী মানুষের জন্য উপযোগী, তা আসলেই নির্ধারণ করে দেওয়া উচিৎ। এটি ভালো উদ্যোগ।”
প্রবীণ চলচ্চিত্রকার ও প্রযোজক কাজী হায়াৎ সিনেমা হল সংস্কার ও চলচ্চিত্র খাতে সরকারি অনুদানের পরিমাণ আরও বাড়ানো দরকার বলে মনে করেন। তার অভিযোগ, নীতিমালার ‘নকল সিনেমাকে প্রদর্শনের অযোগ্য’ ঘোষণা নিয়ে।
“পৃথিবীর সব দেশেই নকল ছবি হয়। নকল করা এক ধরনের অধিকার। হলিউড, বলিউডের প্রায় সব ছবিই তো নকল। এত মৌলিক গল্প পাব কোথায়? নকল সিনেমা নিয়ে নীতিমালায় এ বড় বাড়াবাড়ি।”
“যারা নকলের অভিযোগে সিনেমাকে সার্টিফিকেট দেবেন, তারা বিশ্বের কতটি সিনেমা দেখেছেন? তারা কী জানেন”, প্রশ্ন করেন ‘ইতিহাস’, ‘দাঙ্গা’, ‘সিপাহী’, ‘আম্মাজান’র মতো ব্যবসাসফল চলচ্চিত্রের এ নির্মাতা।
কাজী হায়াৎ
এ ধরণের ‘বিধিনিষেধের কারণে’ চলচ্চিত্রকাররা ‘স্বাধীনতা পান না’ বলে মন্তব্য করে ‘সেন্সর বোর্ড’ প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি।
“সেন্সর বোর্ডে কখনও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না। বোর্ডের নীতি-নির্ধারকরা তাদের সিদ্ধান্ত মোতাবেক চলচ্চিত্রকে সার্টিফিকেট দেন, আবার কখনও দেন না।”
পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য বদিউল আলম খোকনের মতে, নীতিমালা তৈরির আগেই পরিচালকদের জানাতে হবে কী ধরনের চলচ্চিত্র অনুমোদনযোগ্য হবে।
“নীতিমালা প্রণয়নের আগে পরিচালকদের একটি ‘মডেল সিনেমা’ দেখানো উচিৎ, যা দেখে তারা বুঝবেন ঠিক কোন ধরনের সিনেমা করতে বলা হচ্ছে।”
নীতিমালা পরিবর্তনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমিতির যুগ্ম মহাসচিব এস এ হক অলিকও।
তিনি বলেন, ডিজিটাল চলচ্চিত্রের জন্য নতুন নীতিমালা প্রণয়ন ‘খুব দরকার’ ছিল।
“তবে তার আগে পরিচালকদেরই নিজস্ব সেন্সরশিপ থাকা উচিৎ। কোন পয়েন্ট অব ভিউ থেকে চলচ্চিত্র নির্মাণ করা হবে, চলচ্চিত্রের বিষয়বস্তু কী হবে, তা তো তারাই ভালো বুঝবেন।”
তথ্য মন্ত্রণালয়ে জমা পড়া খসড়ায় চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শনের পাশাপাশি সেন্সর সনদপ্রাপ্তির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তনের আভাস দিয়েছেন সেন্সর বোর্ডের সচিব। এক্ষেত্রে সিনেমার পোস্টার, হ্যান্ডবিলের মতো ট্রেইলার প্রকাশ ও প্রচারণার ক্ষেত্রেও অনুমতি নিতে হবে।
এই প্রক্রিয়ার ‘বিরোধী’ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তার মতে, অনুমতি নিতে গিয়ে সিনেমার প্রচারণা ঝুলে যেতে পারে।
“ডিজিটাল যুগে সিনেমার প্রচার-প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম হল ট্রেইলার। সিনেমা নির্মাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা টিজার, ফার্স্ট লুক, ট্রেইলার প্রকাশ করতে পারি, তাতে আমাদের চলচ্চিত্রেরই প্রসার হয়।”
যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ক্ষেত্রে বিএফডিসি থেকে কারিগরি সহযোগিতা নেওয়ার ‘বাধ্যবাধকতা’তেও আপত্তি তার।
আব্দুল আজিজ
“এ নিয়মটি খুব যুক্তিযুক্ত মনে হয় না। আমার সিনেমার শুটিং আমি যে মডেলের রেড ক্যামেরায় করব, সে মানের ক্যামেরা তো এফডিসিতে নেই। এফডিসির ইকুইপেমেন্টের উপর আমার আস্থা নাই থাকতে পারে। এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হলে আমি মানব না।”
নীতিমালায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যদের ভূমিকা কী হবে, তারা কীভাবে সরকারি অনুদান পাবেন সে সম্পর্কে নীতিমালায় সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিৎ বলে মত জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক আহ্বায়ক ও সেন্সর বোর্ডের রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দিন দিলু।
তিনি বলেন, জুরি বোর্ড, ফিল্ম ইনস্টিটিউটসহ সরকারি কমিটিতে থাকা কেউ কেউ ইচ্ছেমতো সুযোগসুবিধা পেয়ে চলছেন বলে অভিযোগ আসছে বারবার। এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু না বলা হলে বিতর্ক বাড়তেই থাকবে।
চলচ্চিত্র নীতিমালায় প্রেক্ষাগৃহের ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের কথা থাকা উচিৎ বলেও মনে করেন এই প্রযোজক।
সিনেমা হল সংস্কারে সরকারি অনুদানের ব্যাপারে নীতিমালায় গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।
চলচ্চিত্রে গ্রেডেশন পদ্ধতি চালু করে ‘আদতে কোনো লাভ হবে না’ বলেও মন্তব্য তার।
সাইফুল ইসলাম চৌধুরী (মাঝে)
“সিনেমাতে অ্যাডাল্ট কনটেন্ট থাকলে এখন বলা হবে সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য। কিন্তু কিশোর বয়সীদের মধ্যে তো সবসময়ই নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। তাদেরকে কি এর মাধ্যমে উস্কে দেওয়া হবে না?”
প্রেক্ষাগৃহে ভারতীয় বাংলা সিনেমা প্রদর্শন করে তীব্র সমালোচনার মুখে পড়া এই প্রদর্শক ‘ভারতীয় সিনেমা আমদানি’ ইস্যুতে কথা বলতে রাজি হননি।
এদিকে আশির দশক থেকে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, খসড়ায় খসড়ায় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের মতো অবাণিজ্যিক চলচ্চিত্রের ব্যাপারে কোনো দিক-নির্দেশনা নেই।
“চলচ্চিত্র নির্মিত হতে হবে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে। কিন্তু খসড়া নীতিমালা দেখে মনে হয়েছে, এটি সম্পূর্ণভাবে বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য নির্মাণ করা হয়েছে। আমাদের আন্দোলনের গতিপ্রকৃতি কেমন হবে, কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, এ বিষয়ে কোনো কথাই নেই,” বলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ (এফএফএসবি)-এর সভাপতি লাইনুন নাহার স্বেমি।
বিকল্প ধারার নির্মাতাদের সরকারি অনুদান ও প্রণোদনা না দিলে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা ক্রমেই হারিয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।
“আমরা আপাতত শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে ছবি দেখাচ্ছি। তরুণ প্রজন্মের নির্মাতারা এসব ছবি নির্মাণ করছেন। দর্শকরাও কিন্তু তরুণ। এখন সরকার যদি এ ক্ষেত্রটিকে গুরুত্ব না দিয়ে নীতিমালা প্রণয়ন করে, তবে একদিন এসব চলচ্চিত্র নির্মাণ সত্যি বন্ধ হয়ে যাবে।”
তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্র শিল্পের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকলেও চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হলে তা ‘শ্রেয়’ হবে বলেও মন্তব্য তার।
এসব বিষয় নিয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর রশিদের কাছে এফএফএসবি তাদের দাবি-দাওয়া উত্থাপন করেছে বলেও জানান স্বেমি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন খান মামুন চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীদের অনুদান, জেলা-উপজেলা পর্যায়ে ফিল্ম সোসাইটির কার্যক্রম বিস্তৃত, বিদেশি চলচ্চিত্র আমদানি ইস্যুতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ণের দাবি জানান।
“চলচ্চিত্রকে শক্তিশালী করতে হলে সবার আগে এফডিসিকেই শক্তিশালী করতে হবে। আমরা চাই, চলচ্চিত্রের সূতিকাগারের সরকারি আমলাদের বদলে চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ দায়িত্ব নিন। তাহলে তিনি আমাদের চলচ্চিত্রের সমস্যাগুলো সহজে বুঝবেন,” বলেন মামুন।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের এসব দাবি-দাওয়াকে ‘গুরুত্ব’ দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র) গৌতম কুমার ঘোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চলচ্চিত্র নীতিমালা এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হবে।”
