২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরল্যান্ডোয় হতাহতদের পাশে তারকারা

নাইন ইলেভেনের পর মার্কিন ইতিহাসের সবচাইতে নৃশংস হত্যাকাণ্ড ধরা হচ্ছে রবিবার অরল্যান্ডো ফ্লোরিডার নৈশক্লাবে ঘটে যাওয়া ঘটনাটিকে। জঘন্যতম এই হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন হলিউড-বলিউড এবং সংগীত অঙ্গনের তারকারা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 04:13 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

আততায়ী ওমার মাতিনের এলোপাতাড়ি গুলিবর্ষণে সেদিন প্রাণ হারান ৫০ জন, আর আহত হন ৫৩ জনেরও বেশি। সমকামীদের নৈশক্লাব বলে পরিচিত ওই ঘটনাস্থলে অভিযান চালিয়ে মধ্যরাতে হত্যা করা হয় প্রলয়ঙ্কারী এই হত্যাযজ্ঞ চালানো মাতিনকে।

জনপ্রিয় টিভি তারকা কিম কারদাশিয়ান টুইটারে প্রার্থনা জানিয়েছেন নিহতের পরিবারবর্গের জন্য।

টুইটে কিম লেখেন, "ভাষা হারিয়ে ফেলেছি। অরল্যান্ডোর হত্যাযজ্ঞে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, সকলের জন্যই আমার প্রার্থনা এবং ভালোবাসা।"

এদিকে নিজের অ্যালবাম প্রচারণার ট্যুরে ব্যস্ত ব্রিটিশ তারকা অ্যাডেল পুরো একটি কনসার্টই উৎসর্গ করেছেন অরল্যান্ডো হত্যাকাণ্ডে প্রাণ হারানোদের স্মরণে। গান গাওয়ার আগে উপস্থিত শ্রোতাদের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ২৮ বছর বয়সী এই তারকা।

বলেন, "এলজিবিটিকিউ সংঘের মানুষও (সমকামী, উভকামী, লিঙ্গান্তরিত) কৈশোর বয়স থেকে আমার আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত।"

ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শান্তির প্রতীক এবং ফুলের তোড়ার ছবি পোস্ট করে সঙ্গীত তারকা বিয়োন্সে লেখেন, “অরল্যান্ডোর জন্য সমবেদনা এবং প্রার্থনা।”

ম্যাডোনা তার একটি উক্তি ছবি আকারে পোস্ট করে লেখেন, “যন্ত্রণা দেবার জন্য, ঘৃণার জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য হিংস্র নৃশংসতাকে ঈশ্বর কিংবা ধর্মের দোহাই দিয়ে কখনই আপনি বৈধতা দিতে পারবেননা।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে হলিউড ও সঙ্গীত তারকাদের মধ্যে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জন লেজেন্ড, মিলা জোভোভিচ, এমি শুমার, মিন্ডি কালিং এবং আরিয়ানা গ্রান্ডে।

টুইটারে সমবেদনা জানাতে এগিয়ে এসেছেন বলিউড তারকারাও। পুরো ঘটনাটি যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে রিশি কাপুর লেখেন, "অত্যন্ত দুঃখজনকঘটনা, অরল্যান্ডো। সমবেদনা। আশা করবো এই ঘটনা কারও রাজনৈতিক সাফল্যসিঁড়িতে আরোহনের মাইলফলক হয়ে উঠবে না।"

মুসলিম সম্প্রদায়দের উপর চড়াও আরও একবার বৈষম্যমূলক আচরণ প্রদর্শন করতে পারেন প্রেসিডেনশিয়াল নির্বাচনে মার্কিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, টুইটে এমন ইঙ্গিতই দিলেন বর্ষীয়াণ এই তারকা। 

হলিউড-বলিউড দুই অঙ্গনেই সমান দ্যুতি ছড়ানো তারকা প্রিয়াঙ্কা লেখেন, "অরল্যান্ডোতে গুলিবর্ষণের ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। পৃথিবীতে যেন শান্তি নেমে আসে। হতাহত এবং তাদের পরিবারের জন্য প্রার্থণা। ভালোবাসার জন্য প্রার্থনা।"

অরল্যান্ডো হত্যাকাণ্ডটি ট্রাম্পের উত্থানে প্রভাবক হয়ে দাঁড়াবে, এমন আশঙ্কা জানিয়েছেন তরুণ তারকা আয়ুশমান খুরানাও, "অরল্যান্ডো হত্যাকাণ্ডে নিহতরা পরপারে ভালো থাকুন। ঈশ্বর তাদের পরিবার এবং জ্ঞাতিসম্পর্কের আত্মীয়দের এই নৃশংসতা সামলে ওঠার শক্তি ও সামর্থ্য দিন। এই ঘটনা যেন ট্রাম্পের উত্থানে সহায়ক না হয়ে দাঁড়ায়।"

প্রখ্যাত লেখিকা হারপার লি'র সাড়া জাগানো বই 'টু কিল এ মকিংবার্ড' এর একটি বিখ্যাত উক্তি টুইটারে পোস্ট করেন তারকা সোনাম কাপুর।

তিনি লেখেন “করজোড়ে অনুরোধ, দয়া করে ঘৃণা ছড়ানো বন্ধ করুন। অরল্যান্ডো হত্যাকাণ্ড, সহনশীলতা, ভালোবাসা, শান্তি, সমকামী-উভকামী-লিঙ্গান্তরিত, ধর্ম- সবকিছুই ঈশ্বরের প্রতি নিবেদিত।”

সাম্প্রদায়িকতা এবং জঙ্গী অভ্যুত্থান রুখে দাঁড়ানোর বার্তা নিয়ে অনুপ্রেরণা মূলক একটি বার্তা জানান অভিনেতা অর্জুন রামপাল।

"অরল্যান্ডোর মানুষের প্রতি ভালোবাসা এবং প্রার্থণা। ঈশ্বর হতাহতদের পরিবারবর্গ এবং বন্ধুদের শোক সামলে ওঠার শক্তি দিন। মাথা উঁচু করে রুখে দাঁড়াই সন্ত্রাসবাদ।"

সমকামী হবার জন্যই এরকম দুর্দশা বরণ করতে হয়েছে, এমনটা মানতে পারছেননা বলিউড তারকা সানি লিওনি।

টুইটে লেখেন, "অরল্যান্ডোতে সমকামী নারী এবন পুরুষের সঙ্গে যা হয়েছে এককথায় ভয়াবহ। সবার প্রতি আমার ভালোবাসা এবং সহযোগিতা।"

এছাড়াও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন ফারহান আখতার, সিদ্ধার্থ মালহোত্রা, বিপাশা বসু, মাধুর ভান্ডারকার, আদিতি রাও হায়দারি, কুনাল কোহলির মত তারকারা।