২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিঙে আহত কুনাল খেমু

লখনৌতে একটি মিউজিক ভিডিওর শুটিং করার সময় বিক্ষুব্ধ জনতার আকস্মিক আক্রমণে গুরুতর আহত হয়েছেন হিন্দি সিনেমার অভিনেতা কুনাল খেমু। শনিবার এই অপ্রত্যাশিত ঘটনায় কুনাল ছাড়াও আহত হয়েছেন শুটিং ইউনিটের অনেকেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 04:45 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

বড় ইমামবারাতে ঘটে যাওয়া এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, "জায়গাটি পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান, সেদিন সেখানে সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী ভার্তিকা সিং-এর সঙ্গে একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন কুনাল খেমু। আর তখনই এক-দেড়শ মানুষের এক দল সেটে হাজির হয় এবং কলাকুশলীদের উপর চড়াও হয়।”

ওই ব্যক্তি আরও জানান, “হামলার সঙ্গে সঙ্গেই শুটিঙের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। যদিও, পুলিশ আসার আগেই অনেক কলাকুশলী আহত হন। হামলায় আহত কুনালের হাত কেটে গিয়ে থেঁতলে যায়।”

সেটে ছিলেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলী খানও। তার গাওয়া 'সাভরে' গানেরই চলছিল মিউজিক ভিডিও শুট, সেখানে হাজির হবার কথা ছিল ৪২ বছর বয়সী রাহাতের। তবে হামলার শুরু হওয়ার পর শুটিং সেট থেকে তাকে ফোন করে হোটেলে চলে যেতে বলা হয়।

এদিকে কলাকুশলীদের একজন আকস্মিক এই হামলা নিয়ে বলছেন, "আমরা সত্যি জানি না কেন এই দলটি আমাদের সেটে এসেছিল এবং হঠাৎ করেই এত মারমুখী হয়ে গেলো। কারণটা তারাই ভালো বলতে পারবে। আমরা অভিযোগ করেছি, এবং আমাদের সবকিছু গোছাবার আগ পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষের কাছে পুলিশি পাহারা চেয়েছি।"

শৈশবে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘জাখাম’-এর মতো সিনেমায় অভিনয় করে বলিউডে পা রাখেন খেমু। পরবর্তীতে 'কালইউগ' সিনেমা দিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে যাত্রা শুরু হয় তার। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে 'গোলমাল থ্রি', 'ট্রাফিক সিগন্যাল' এবং 'গো গোয়া গন'-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনেত্রী সোহা আলী খানের স্বামী কুনাল সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন আদনান সামি, ভিশাল শেখরের গাওয়া গানের মিউজিক ভিডিওতেও।