২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাউজফুল থ্রি’র বাজিমাত

কমেডি মুভি ‘হাউজফুল’ সিরিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলো ‘হাউজফুল থ্রি’। শুক্রবার মুক্তি পেয়ে প্রথম দুদিনেই ৩০ কোটির বেশি আয় করেছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 03:13 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

৩ জুন ভারতব্যাপী মুক্তি পায় ‘হাউজফুল থ্রি’, সমালোচকদের হতাশ করলেও দর্শকের মন ঠিকই জয় করতে পেরেছে সিরিজটির তৃতীয় কিস্তি। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ২১ লাখ রুপি। সকালের শোতে তেমন সাড়া না পেলেও সন্ধ্যা এবং রাত থেকে ব্যবসা চলে রমরমা।

দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ১৬ কোটি ৩০ লাখ, দুদিন মিলেই আয় দাঁড়িয়েছে ৩১ কোটি ৫১ লাখ রুপিতে। এতে অভিনয় করেছেন আকশায় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফারনান্দেজ, নার্গিস ফাখরি এবং লিসা হেইডন।

শাহরুখ খানের ‘ফ্যান’এর পর চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানটি এখন‘হাউজফুল থ্রি’র দখলে, যেখানে এতদিন ছিল আকশায় কুমারের আরেকটি সিনেমা ‘এয়ারলিফট’। টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুরের ‘বাঘি’কেও টপকে গেছে ‘হাউজফুল থ্রি’।

কমেডি ধাঁচের সিনেমা ‘হাউজফুল থ্রি’ ভারতের ৩৭০০ সিনেপর্দায় মুক্তি পেয়েছে, এছাড়া দেশের বাইরে ৬৭০ পর্দায় মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানালেন, আন্তর্জাতিক বাজারেও ‘হাউজফুল থ্রি’কে স্বাগত জানিয়েছে দর্শক। প্রথম দিনে ১৩ কোটি ৩৬ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

আগামী দুই সপ্তাহে মুক্তি পাচ্ছে না কোন হলিউড ব্লকবাস্টার কিংবা বড় বাজেটের হিন্দি সিনেমা, তাই হলগুলো ‘হাউজফুল’ করে রাখবে ‘হাউজফুল থ্রি’, এমনটাই আশা এখন বিশ্লেষকদের। তবে দর্শককে হাসিয়ে শেষ পর্যন্ত নির্মাতারাও হাসতে পারবেন কীনা, তা বুঝা যাবে আগামী সপ্তাহের আয়ের পরে।