মুহাম্মাদ আলির মৃত্যুতে ভারতীয় তারকাদের শোক
কিংবদন্তী বক্সার মুহাম্মাদ আলি তার অজস্র ভক্তকে কাঁদিয়ে চলে গেছেন পৃথিবীর ওপারে। সর্বকালের সেরা এই ক্রীড়াবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন জগতেও। হিন্দি সিনে জগতের তারকারা মুহাম্মাদ আলীর প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
সংগীত আর ক্রীড়া অঙ্গনের দুই কিংবদন্তীর সাক্ষাত হয়েছিল একবার লন্ডনে। টুইটে সে স্মৃতিচারণই করলেন ভারতীয় সংগীতশিল্পী লতা মুঙ্গেশকার তার টুইটে, "এক কিংবদন্তীর মহাপ্রয়াণ- মুহাম্মাদ আলি। তার সঙ্গে লন্ডনের এক ফ্লাইটে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিলো।"
আলির সাক্ষাত পেয়েছিলেন অভিনেতা রিশি কাপুরও। জানালেন, "সম্ভবত ১৯৮০ সালের দিকে বাহরাইনে এক অনুষ্ঠানে তার সঙ্গে ছিলাম। তিনি কিছুটা অসুস্থ ছিলেন এবং আমাকে 'সুদর্শন যুবক' বলে সম্বোধন করেছিলেন।"
অসংখ্য বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় আরোহন করেছিলেন তিনবারের বিশ্ব হেভিওয়েইট চ্যাম্পিয়ন মুহাম্মাদ আলি। তার জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে পারে সবাই- এমনটাই মনে করছেন অনিল কাপুর এবং অভিশেক বচ্চন।
অনিল কাপুরের টুইট, “তার ব্যক্তিত্ব তার পেশাদারিত্বের মতই ছিল অনুকরণীয়। তার আত্মা সবসময়ই আমাদের সাহস যোগাবে বড় স্বপ্ন দেখতে এবং সাফল্যের চূড়ায় উঠতে। ভালো থাকবেন।”
অভিশেক-এর টুইট, “মুহাম্মাদ আলিই প্রথম ক্রীড়াব্যক্তিত্ব ছিলেন যার ব্যাপারে বাবা (অমিতাভ বচ্চন) জানিয়েছিলেন আমাকে। তিনি ছিলেন শ্রদ্ধাভাজন এক ব্যাক্তি এবং অনুপ্রেরণার উৎস।”
“আগেও দ্বিতীয় কোন মুহাম্মাদ আলী আসেনি, পরেও আসবে না। ভালো থাকবেন বিজয়ী”, সরাসরি এক টুইটে আলীর মাহাত্ম্যই যেন জানান দিলেন ফারহান আখতার।
‘ভিকি ডোনার’ খ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানা জানান, আলির মৃত্যুতে এতোটাই মুষড়ে পড়েছিলেন যে, ঘরের বাতি নিভিয়ে শুয়ে ছিলেন তিনি।
তার টুইট, “আমি এতোটাই কষ্ট পেয়েছি যে, হোটেল রুমের বাতি নিভিয়ে আমি শুয়ে ছিলাম অন্ধকার না হওয়া পর্যন্ত। শান্তিতে থাকুন, মুহাম্মাদ আলি।”
মুহাম্মাদ আলির অন্যতম সেরা উক্তি 'ফ্লোট লাইক এ বাটারফ্লাই, স্টিং লাইক এ বি' উদ্ধৃতি দিয়ে টুইট করেছেন জন এব্রাহাম, অর্জুন কাপুর এবং পূজা বেদীর মত তারকারা।
শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভোগার কারণে জরুরি ভিত্তিতে মুহাম্মাদ আলিকে হাসপাতালে নিতে হয়েছিল জুনের ২ তারিখে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরদিন।
একের পর এক দুর্দান্ত বক্সিং ম্যাচের জন্ম দেওয়া আলীকে বক্সিং ক্যারিয়ার ছাড়তে হয় ১৯৮১ সালে মাত্র ৩৯ বছর বয়সে। মস্তিষ্কের নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছিল তার, এছাড়াও পারকিনসন্স রোগে ভুগেছেন জীবনের পরবর্তী সময়টা।
