২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্ত করবী’ এবার রূপালী পর্দায়

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘রক্ত করবী’ এবার দেখা যাবে রূপালি পর্দায়। অর্ধশতাব্দী ধরে দারুণ জনপ্রিয় মঞ্চের এই নাটক এবার সেলুলয়েডে তুলে ধরবেন টালিগঞ্জের নির্মাতা অমিতাভ ভট্টাচার্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 03:55 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

তবে মূল নাটকটির পুঙ্খানুপুঙ্খ অনুসরণ নয়, বরং এর থেকে অনুপ্রেরণা নিয়ে বর্তমানের প্রেক্ষাপটেই সিনেমাটির চিত্রনাট্য সাজানো হয়েছে বলে জানান নির্মাতা।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এব্যাপারে অমিতাভ বলেন, “আমরা ঠাকুরের কাজে নতুন সংলাপ দেওয়ার সাহস করছি এবং চেষ্টা করছি মূলের কাঠামো ও রস অনুসারে পাঠের ব্যাখ্যায় সামঞ্জস্য রেখে বর্তমান পরিস্থিতি বিন্যাস করার।”

সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন ও মুমতাজ সরকার।

‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেত্রী মুমতাজ সরকার অভিনয় করছেন নন্দিনী চরিত্রে। তিনি বলেন, “আমার চরিত্র নান্দিনী, বর্তমান সময়ের চশমা পরা এক আধুনিক মেয়ে যে সাধারণ এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের প্রতি আকর্ষণবোধ করে। যে মেয়েটি বিপ্লবী এবং অবশ্যই মার্ক্সিস্ট, যে ফ্যাশন নিয়ে নয় বরং দেশ কীভাবে চলবে তাই নিয়ে চিন্তিত।”

সিনেমার সংগীত পরিচালনা করবেন ‘রেইনকোট’ খ্যাত দেবজ্যোতি মিশ্র।

১৯৪৬ সাল থেকে গণনাট্য সংস্থা, বহুরূপী ও নাগরিক নাট্যসম্প্রদায় ছাড়াও ব্যাক্তি ও সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময় ‘রক্ত করবী’ মঞ্চায়ন সবসময়ই সাড়া জাগিয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেই তার সাহিত্য নিয়ে সিনেমা নির্মাণ শুরু হয়। ‘গোরা’, ‘নৌকাডুবি’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘চার অধ্যায়’, ‘চোখের বালি’, ‘শেষের কবিতা’ অবলম্বনে সিনেমাগুলো বিভিন্ন সময়ে পুরস্কারও জিতে নেয়।