স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত টিভি অভিনেতা
স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন 'দ্য শিল্ড' টিভি সিরিজ খ্যাত তারকা মাইকেল জেইস। দুবছর আগে নিজ বাসভবনে স্ত্রী এপ্রিল জেইসকে গুলি করে হত্যা করার অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে আদালত।
'ভ্যারাইটি ডটকম' জানাচ্ছে, ২০১৪ সালের মে মাসে হাইড পার্কে ক্ষুব্ধ মাইকেল এপ্রিলকে তিন দফায় গুলি করে বসেন। পরবর্তীতে দু বছর ধরে আইনি বিভিন্ন জটিলতার মাঝে চলতে থাকে মাইকেলের বিরুদ্ধে আনা হত্যা মামলাটি।
এদিকে আসামী পক্ষের আইনজীবী জেমন হিকস মাইকেলের পক্ষ থেকে জানিয়েছেন, নিজের স্ত্রীকে হত্যা করলেও তিনি পরিকল্পনা মাফিক এই খুন হওয়ার কোনো যথাযথ প্রমাণ নেই।
পুরো ঘটনাটি ঘটে মাইকেল-এপ্রিল দম্পতির দুই ছেলের চোখের সামনে। মাইকেলের আত্মপক্ষ সমর্থনে জেমন আরও বলেন, এ মাইকেল জরুরি ফোন করে পুলিশ আসার জন্য অপেক্ষা করেন। নিজের স্ত্রীকে খুন নয়, বরং পায়ে গুলি করে আঘাত করার ইচ্ছা পোষণ করেছিলেন বলে গোয়েন্দা বাহিনীকে জানিয়েছিলেন মাইকেল।
যদিও প্রসিকিউশন থেকে এই হত্যাকাণ্ডকে 'পরিকল্পিত' হিসেবেই চিহ্নিত করা হয়েছে। সেসময় বিবাহ বিচ্ছেদের জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল বলেই জানানো হয় বিচারক মণ্ডলীকে।
নিজের স্ত্রীকে খুন করার পর মাইকেল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার শাস্তির ব্যাপারে এখনও কোনকিছু জানা যায়নি।
