বন্ড হতে চান এমিলিয়া ক্লার্ক
ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ককে সবাই চেনেন ‘মাদার অফ ড্রাগনস’ হিসেবেই। সাড়া জাগানো টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’-এর এই তারকা এবার চাইছেন ‘বন্ড’ পরিচয়ে নিজেকে তুলে ধরতে।
'এজেন্ট ০০৭' কোডটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্যুট বুটে সুসজ্জিত দাপুটে গুপ্তচর জেমস বন্ডের ছবি। শন কনারি থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেইগ- প্রত্যেকেই বন্ড চরিত্রটিকে দিয়েছেন ভিন্ন ভিন্ন মাত্রা। তবে এক প্রথাভাঙ্গার স্বপ্নই যেন দেখছেন এমিলিয়া। পুরুষ নিয়ন্ত্রিত 'বন্ড ইমেজ' ভেঙ্গে তিনিই হতে চান ইতিহাসের প্রথম 'নারী' জেমস বন্ড।
ড্যানিয়েল ক্রেইগ পরবর্তী জেমস বন্ড সিনেমায় ফিরছেন না- এই খবর এখন প্রায় নিশ্চিত। এদিকে জোর গুঞ্জন, ক্রেইগের জায়গাটা দখল করতে চলেছেন 'দ্য অ্যাভেঞ্জারস' তারকা টম হিডলস্টোন।
তবে আইকনিক এই ব্রিটিশ স্পাইয়ের রূপে নিজেকে এর মধ্যেই কল্পনা করতে শুরু করেছেন ২৯ বছর বয়সী এমিলিয়া। আর এর মাধ্যমেই তিনি ভাঙতে চান পশ্চিমা বিনোদনজগদের গতানুগতিক 'পুরুষশাসিত প্রথা' কে।
বন্ড হয়ে আকাশছোঁয়া স্বপ্নই যেন দেখছেন এমিলিয়া। নিজের বিপরীতে চাইছেন লিওনার্দো ডি ক্যাপ্রিওকেও।
'ডেইলি স্টার ডটকম’কে এব্যাপারে বলেন, "আমার এখনও অনেক লুকোনো স্বপ্ন আছে। আমি জেইন বন্ড চরিত্রটি করতে দারুণ উপভোগ করবো। আর আমার বিপরীতে থাকবেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, এব্যাপারে কোন সন্দেহ নেই।"
তবে পরবর্তী জেমস বন্ড পুরুষ না নারী হতে চলেছেন, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
