২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবোর্ড অ্যাওয়ার্ডস-এ সেরা অ্যাডেল

জাঁকজমক পূর্ণ আয়োজন আর নজরকাড়া পারফরম্যান্সে লাস ভেগাসে অনুষ্ঠিত হলো এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের আসর। শীর্ষ তিন পুরষ্কার জিতে এবারের আসর নিজের করে নিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 04:18 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কিশা, ম্যাডোনা এবং ব্রিটনি স্পিয়ার্স-এর মত তারকাদের পারফর্ম্যান্স। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন অংশে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে প্রয়াত তারকাদের প্রতি।

এবারের আসরে নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেছেন ব্রিটিশ সঙ্গীত তারকা অ্যাডেল। তিনটি অ্যাওয়ার্ড এর মধ্যে পেয়েছেন সেরা সঙ্গীত তারকা, সেরা নারী সঙ্গীত তারকা এবং বিলবোর্ড টুহান্ড্রেড আর্টিস্টের খেতাব। আর দর্শক ভোটে চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের স্বীকৃতি পেয়েছেন মার্কিন গায়িকা রিহানা। কানাডিয় সঙ্গীত তারকা জাস্টিন বিবার পেয়েছেন সেরা পুরুষ সঙ্গীত তারকার পুরস্কার।

অনুষ্ঠানের শুরুটাই হয় জনপ্রিয় তারকা ব্রিটনি স্পিয়ার্সের এক চমকপ্রদ পারফরম্যান্সে। আকর্ষণীয় লাল রঙের পোষাকে তিনি গেয়ে শুনিয়েছেন তারই জনপ্রিয় গানগুলোর কিছু অংশ। 

এবারের আসরে সশরীরে উপস্থিত নেই মার্কিন কিংবদন্তী সঙ্গীত তারকা প্রিন্স। না ফেরার দেশে তিনি চলে গেছেন এক মাসেরও বেশি হলো। তবে বিলবোর্ড অ্যাওয়ার্ডের প্রতিটি মূহুর্তে স্মরণ করা হয়েছে আশি/নব্বই দশকের জনপ্রিয় এই পপতারকাকে। এমনকি কানাডিয় তারকা 'দ্য উইকেন্ড' নিজের পুরস্কারটি উৎসর্গ করেছেন প্রিন্সকে নিবেদন করেই।

'টপ হান্ড্রেড হট আর্টিস্ট' বিভাগে সেরার খেতাব জেতা 'দ্য উইকেন্ড' মঞ্চে এসে স্মরণ করেন 'পারপল রেইন' কিংবা 'লেটস গো ক্রেইজি' এর মত অনবদ্য গানের জন্ম দেওয়া প্রিন্সকে। সম্মাননা গ্রহণের বক্তব্যে তিনি জানান, "এই পুরস্কারটি আমি উৎসর্গ করতে চাই প্রয়াত কিংবদন্তী প্রিন্সকে।"

আরেক কিংবদন্তী তারকা বব ডিলানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পপ তারকা কিশা উপস্থাপন করেছেন এক অনবদ্য পারফরম্যান্সের। ডিলানের জনপ্রিয় কিছু গান শুনিয়েছেন তিনি, যদিও এই প্রতীক্ষিত পারফরম্যান্সটি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল রেকর্ডিং প্রতিষ্ঠান জনিত আইনি জটিলতা থাকায়।

আজীবন সম্মাননার পুরস্কারটি এবার প্রদান করা হয়েছে কানাডিয় সঙ্গীত কিংবদন্তী প্রয়াত রেনে আনজেলির কাছে। তার পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণের জন্য আসরে উপস্থিত হন তার স্ত্রী সঙ্গীত তারকা সেলিন ডিওন। আবেগপ্রবণ হয়ে অশ্রুসিক্ত ডিওন পুরস্কারটি গ্রহণ করেন তারই ছেলে রেনে চার্লস এর হাত ধরে। 

পুরস্কারটি আঁকড়ে ধরে আবেগমথিত কণ্ঠে দর্শকদের উদ্দেশ্যে ডিওন বলেন, "আমি দুঃখিত, আমি আপনাদের সামনে কাঁদতে চাইনি।” 

পুরস্কারটি নেবার আগে তিনি গেয়ে শোনান জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড 'কুইন' এর 'দ্য শো মাস্ট গো অন'। পুরস্কারটি উঁচু করে 'কুইন' গানের কথা মিলিয়ে তিনি বলেন, "এই সম্মাননা তোমার জন্য রেনে।"

প্রিন্সের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিলবোর্ড অ্যাওয়ার্ডসের ইতি টানেন ম্যাডোনা। প্রিন্সের 'নাথিং কম্পেয়ারস টু ইউ' এবং 'পারপল রেইন' গানে পারফর্ম করেন ৫৭বছর বয়সী এই পপ তারকা। তার সঙ্গে উপস্থিত দর্শকরাও উঠে দাঁড়িয়ে হাত নেড়ে গেয়েছেন গানটি।