ঢাকায় ‘অ্যাংরি বার্ডস’
গেইমের জগতের ক্রুদ্ধ পাখির দল এবার হাজির হতে যাচ্ছে সেলুলয়েডের পর্দায়। অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের সাড়া জাগানো গেইম ‘অ্যাংরি বার্ডস’-এর সিনেমা নির্মাণের খবর নিশ্চিত হয়েছিল গতবছরেই। বহুল প্রতীক্ষিত এই সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ২০ মে সিনেমাটি মুক্তি পাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
রোভিও এন্টারটেইনমেন্টের সঙ্গে সনি পিকচার্সের যৌথ প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে এক হাজার কোটিরও বেশিবার ডাউনলোড হওয়া এই গেইমের সিনেমা রূপায়নটি। গেইমে সরাসরি রেড, চাক কিংবা বম্বের মতো পাখিগুলোকে দেখানো হয়েছে ‘ক্রুদ্ধ’ হিসেবে; কিন্তু জানা যায় না তার পেছনের কারণ। সিনেমায় এবার সেই রহস্যই উদঘাটিত হতে চলেছে।
সিনেমায় বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেসন সুডেইকিস, জশ গ্যাড, ড্যানি ম্যাকব্রাইড, মায়া রুডলফ, বিল হেইডার, পিটার ডিঙ্কলেজ এবং শন পেন। সিনেমার নির্মাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন যুগ্মভাবে ক্লেই কেইটিস এবং ফারগাল রেইলি।
