‘ঢাকাই সিনেমার বাজার অনেক বড়’
চলতি বছরে এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে শাকিব খানের একটিই সিনেমা। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ সিনেমাটি ভাল সাড়া ফেললেও আশানুরূপ ব্যাবসা করতে পারেনি। কিন্তু ঢাকাই সিনেমার এই তারকা জানালেন, ব্যাবসা ভাল বা খারাপ যেটাই হোক, বাংলাদেশে সিনেমার বাজার এখন অনেক বড়।
কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান এবং জয়া আহসানের মতো তরকা থাকা সত্ত্বেও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’-এর বক্স অফিস ফলাফল খুব ভাল নয়। তবে শাকিব দাবি করলেন, মন্দার সময়ে এটাই অনেক ভাল ব্যাবসা।
“কিছুদিন আগে আমার ‘পূর্ণ্য দৈর্ঘ্য প্রেম কাহিনি টু’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো। সিনেমার বিক্রি যে এতো ভালো হবে তা আমি নিজেই আশা করতে পারি নি। যদি ট্রানজ্যাকশন পিরিয়ড না হতো তাহলে এটি আকাশচুম্বী ব্যবসা সফল একটি সিনেমা হতো।”
তিনি আরও বলেন, “আমাদের ষোল কোটি মানুষের মাত্র একটি চলচ্চিত্র বাজার। আমাদের চলচ্চিত্রের বাজার হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের। তাছাড়া মুখ থুবড়ে পড়ার মতো সিনেমা হলিউড-বলিউডসহ পুরো পৃথিবীতেই হয়। চলচ্চিত্র হচ্ছে এমন একটি মাধ্যম বিশেষ করে বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে এটা র্নিভর করে ভালোলাগার উপর, কাকে ভালোবাসবো, কার সিনেমা ভালো লাগবে, আসলে অন্ধভক্তদের ভালোবাসার উপর।”
‘শিকারী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। তাহলে ঢাকাই সিনেমার মন্দা বাজার থেকে উত্তরনের জন্য যৌথ প্রযোজনাই কি ভরসা?
গ্লিটজের এমন প্রশ্নে শাকিবের জানান, ঢাকার চেয়ে টালিগঞ্জের সিনেমা বাজারের অবস্থা বেশি করুণ। আর তাই ঢাকাই সিনেমার জন্য নয়, যৌথ প্রযোজনার সিনেমার প্রয়োজন নাকি বেশি টালিগঞ্জেই।
তিনি আরও বলেন, “আমাদের সিনেমার যে বাজার রয়েছে, সরেজমিনে আমার দেখেও যেমনটি মনে হয়েছে এবং তারাও (টালিগঞ্জ) যেমনটি অনুভব করেন আসলে বাংলাদেশের সিনেমার বাজার অনেক বড়। সেজন্য আমাদের স্পেশাল কোন কিছু করার দরকার নেই। আমাদের অভ্যন্তরীনে আমাদের সিনেমাকে মানোন্নয়ন করলেই আমাদের আর কোন কিছুর প্রয়োজন হবে না।”
শাকিব এখন ব্যাস্ত শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমা নিয়ে। রেমান্টিক কমেডি এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি।
