‘কান উৎসবে একদিন জিন্স পরে হাঁটবো’
ঐশ্বরিয়া রাই বচ্চনের কান যাত্রার ১৫তম বর্ষপূর্তি হয়েছে এ বছর। বেগুনি রঙে ঠোঁট রাঙিয়ে ফ্যাশন সমালোচকদের চক্ষুশূল হলেও অ্যাশ জানালেন, ফ্যাশনকে কেবল জীবনের একটি অংশ হিসেবে দেখেন তিনি, এর বেশি কিছু নয়।
২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের প্রযোজক ল’রিয়ালের পণ্যদূত হিসেবে লাল গালিচায় হাঁটছেন এই বিশ্বসুন্দরী। তবে ফ্যাশন নিয়ে বাড়তি মানসিক চাপ কখনোই কষ্ট দেয়নি অ্যাশকে।
“১৫ বছর হলো আমি এই উৎসবে অংশ নিচ্ছি। আমার মনে আছে ‘দেবদাস’ সিনেমার প্রচারণার সময় যখন আমি প্রথম লাল গালিচায় পা রাখি তখনই আমি বুঝতে পেরেছিলাম, আমি এই জগতের মানুষ। নানা ধরণের পোশাক পড়া আমার জীবনের একটি অংশ হয়ে গেছে, তাই আমি এসব নিয়ে ভয় পাই না। আমি সবাইকে মজা করে বলি যে একদিন আমি এই লাল গালিচায় শুধু জিন্স আর টি শার্ট পড়ে হাঁটবো।”
৪২ বছর বয়সী এই অভিনেত্রীর মতে ফ্যাশন হলো এক ধরণের ‘শিল্প’।
“আমি পেশার দিক থেকে একজন অভিনেত্রী। ফ্যাশনকে আমি শিল্পের মাধ্যম হিসেবে দেখি। আমার নিজস্ব জীবন আছে, পরিবার আছে। আমি শুধুমাত্র এসব নিয়ে বসে থাকি না, তাই এই ব্যাপারগুলো আমাকে তেমন কষ্ট দেয় না। আমি একজন পেশাদার শিল্পী।” বলেন অ্যাশ।
ওদিকে যখন লাল গালিচায় পা রাখার আগে অ্যাশের বিগত বছরের পোশাকগুলো নিয়ে ভালো খারাপ মন্তব্য করতে সরগরম ছিল গণমাধ্যমগুলো, তখন অ্যাশ ছিলেন অন্য কাজে ব্যস্ত।
তিনি বলেন, “আমি সময়ই পাইনি এসব দিকে তাকানোর। এ বছর আমি ‘সারাবজিৎ’-এর প্রচারণার কাজে খুব ব্যস্ত সময় কাটিয়েছি, এখন সবকিছু উপভোগ করছি।”
নিয়ম ভাঙার ঢেউ এ বছর কান চলচ্চিত্র উৎসবকেও ছুঁয়েছে ভালোভাবেই। উৎসবের দ্বিতীয় দিনে খালি পায়ে লাল গালিচায় হেঁটে শিরোনাম হয়েছেন হলিউডি অভিনেত্রী জুলিয়া রবার্টস, যেখানে কীনা নারীদের হাই হিল পড়া বাধ্যতামূলক।
অপরদিকে রোববার ‘সারাবজিত’-এর প্রদর্শনীতে এসে বেগুনি ঠোঁটে সবার নজর কেড়েছেন অ্যাশ।
তিনদিন কান উৎসবে কাটিয়ে এখন বাড়ি ফিরেছেন এই অভিনেত্রী।
