২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানে এক টুকরো বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র প্রদশর্নের উৎসবে বাংলাদেশের সিনেমার উপস্থিতির খবর বেশ পুরনো। সেই ধারাবাহিকতায় এবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে বাংলাদেশের দুটি সিনেমা। মূল প্রতিযোগীতার অংশ হতে না পারলেও উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মস-এ আজ সন্ধ্যায় দেখানো হবে ‘আয়নাবাজি’ ও ‘অজ্ঞাতনামা’ নামের সিনেমা দুটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 05:22 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

৬৯ তম এবারের কান চলচ্চিত্র উৎসবে মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত দশটা) তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’ এবং অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমা দুটি প্রদর্শিত হবে। বিশ্বচলচ্চিত্রের বিভিন্ন দেশের প্রযোজক, পরিবেশক, সমালোচক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের সামনে উৎসবের প্রধান ভবন পালা দ্যু ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সিনেমা দুটি।

‘অজ্ঞাতনামা’ সিনেমাটির নির্মাতা তৌকির আহমেদ উৎসবে অংশ নিতে অনেক আগেই পৌঁছে গেছেন প্যারিসে। সেখান থেকেই নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে উৎসবের প্রথম দিনে তিনি লিখেছিলেন, “আমাদের কান সফরের প্রথম দিনেই চলচ্চিত্রের এক অসাধরণ উদযাপন দেখলাম।”

তৌকিরের কান সফরে সঙ্গী হয়েছেন তার স্ত্রী বিপাশা হায়াত। ‘অজ্ঞাতনামা’র প্রচারে ব্যাস্ত সময় কাটছে তাদের। এরমধ্যেই ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি দেখার জন্য ওয়ারনার ব্রার্দাস, এরস, এম কে টু সহ বিশ্বের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

‘আয়নাবাজি’র প্রচারের জন্য পুরো দল নিয়ে কানে হাজির হয়েছেন অমিতাভ রেজাও। উৎসবে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “চলচ্চিত্র র্নিমাণ একটি দলবদ্ধ উদ্যোগ। সিনেমা দেখতে আসা দশর্কের ভালোলাগা দেখে বলতেই পারি আমাদের দলটি অসাধারণ কাজ করেছে।”

‘আয়নাবাজি’ সিনেমার মূল চরিত্রগুলোতে অভিয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ সহ আরও অনেকে। সিনেমাটির মূল ভাবনা গাওসুল আজম শাওনের। চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন গাওসুল আজম শাওন ও অনম বিশ্বাস।