রাহুলের শারীরিক অবস্থা উন্নতির দিকে
ফোক-ফিউশন ধারার ব্যান্ডদল জলের গানের প্রধান গায়ক রাহুল আনন্দের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। রোববার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। এখন তিনি আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে জলের গানের পারকাশনিস্ট সাইফুল ইসলাম জার্নাল গ্লিটজকে বলেন, “রাহুল আনন্দের শরীরে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তাকে অপারেশন পরববর্তী পর্যবেক্ষণে রাখা হলেও কিছুক্ষণের মধ্যেই তাকে আমরা কেবিনে স্থানান্তর করছি। তার অবস্থা এখন পুরোপুরি আশঙ্কামুক্ত।”
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক মাহাবুব খন্দকার কচির তত্ত্বাবধানে রয়েছেন। তাকে এক সপ্তাহ পযর্ন্ত হাসপাতালে থাকতে হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাহুল আনন্দ ও প্রাচ্যনাটের কর্মী ওমর ফারুক ছিটকে রাম্তায় পড়ে যান। দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এরপর তাদেরকে রাজধানীর মিরপুরের আল হেলাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানকার কতর্ব্যরত চিকিৎসকরা রাহুলকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তার ডান পায়ের উরুর অংশে রাত সাড়ে ১০টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত অস্ত্রপচার করেন।
‘জলের গান’-এর প্রধান গায়ক হিসেবে খ্যাতি অর্জন করলেও রাহুল আনন্দের ক্যারিয়ার শুরু হয় অভিনয় দিয়ে। মঞ্চ ও টেলিভিশন নাটকে তিনি নিয়মিত অভিনয় করেন। প্রাচ্যনাটের প্রযোজনায় তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলোর মধ্যে রয়েছে ‘এ ম্যান ফর অল সিজনস’, ‘কইন্না’, ‘মান্দার’, ‘সার্কাস সার্কাস’ এবং ‘রাজা ও অন্যান্য’। তার গাওয়া ‘ঝরা পাতা’, ‘বকুল ফুল’, ‘এমন যদি হত’ গানগুলি পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
