২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিতির তারকাখচিত বিবাহোত্তর সংবর্ধনা

শুক্রবার ১৩ মে মুম্বাইয়ে হয়ে গেল বলিউডি অভিনেত্রী প্রিতি জিনটার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এতে অংশ নিয়েছিলেন সালমান খান, শাহরুখ খানসহ বলিউডের প্রথম সারির তারকারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 04:35 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি লস এঞ্জেলেসে একান্ত গোপনীয়তার মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধেন প্রিতি এবং তার বিদেশি বর জিনি গুডএনাফ। এরপর গতকাল প্রথমবারের মত বলিউডের জমকালো জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেন পেশায় আর্থিক বিশ্লেষক স্বামীকে।

সালমান শাহরুখ ছাড়াও প্রিতির অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, ফারাহ খান, মাধুরি দিক্ষিত,কারান জোহার, শাহিদ কাপুরের মত বলিউডি তারকারা। মাধুরি এসেছিলেন তার স্বামী শ্রীরাম নেনের সঙ্গে,শাহিদের বাহুডোরে দেখা গেছে গর্ভবতী স্ত্রী মিরাকে। তবে কান চলচ্চিত্র উৎসবে ব্যস্ত ঐশ্বরিয়াকে রেখে একাই এসেছিলেন আভিশেক বচ্চন।   

আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক হওয়ায় প্রিতির বিয়েতে দেখা গেছে ক্রিকেট জগতের অনেক তারকাকেও। বাগদত্তা হেইজেল কিচের সঙ্গে অংশ নিয়েছিলেন ক্রিকেটার ইয়ুভরাজ সিং।

হিন্দুস্তান টাইমস বলছে, মধ্যরাতের পর প্রিতির অনুষ্ঠানে আসেন সালমান। তার পেছন পেছন আরেকটি গাড়িতে করে আসতে দেখা যায় সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভেন্টুরকে। অনুষ্ঠানে একসঙ্গেই প্রবেশ করেন দুজন। তারা আসার আগেই গুঞ্জন চলছিল, প্রিতির অনুষ্ঠানেই প্রথমবারের মত নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিবেন এই জুটি।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রিতি পড়েছিলেন টকটকে লাল রঙের সান্ধ্য পোশাক, হাতে ছিল সদ্য বিবাহিত নারীদের মত লাল-সাদা চুড়ি। অপরদিকে তার স্বামী জিনি পড়েছিলেন কালো স্যুট।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন জিনির পুরো পরিবার, শ্বশুরবাড়ির লোকজনকে তাজমহল ঘুরিয়েও দেখিয়েছেন প্রিতি। অনুষ্ঠানের আগে টুইটারে তাজমহলের একটি ছবি পোস্ট করেন তিনি।

প্রিতির অনুষ্ঠানে আরও অংশ নিয়েছিলেন লারা দত্ত, সুস্মিতা সেন এবং দিয়া মির্জার মত শিল্পীরা।