অবশেষে ঐশ্বরিয়া এলেন!
যাকে দেখার জন্য মুখিয়ে ছিল পুরো বিশ্ববাসী, অবশেষে তিনি এলেন! ১৩ মে কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় পা রাখলেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন।
১৫ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রযোজক প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের পণ্যদূত হয়ে উৎসবে অংশ নিচ্ছেন অ্যাশ। তবে ভক্তদের মুগ্ধ করতে কোন সুযোগ বাদ রাখেননি তিনি।
এবছর নতুন সিনেমা ‘সারাবজিত’এর প্রচারণার কাজে ব্যস্ত থাকায় নাকি পোশাক নির্বাচন করার সময় পাননি বচ্চনবধূ। সাফ বলে দিয়েছিলেন, তাকে নিয়ে যত খুশি হাসুক নিন্দুকেরা, তার গায়ে লাগবে না। তবে শেষ মুহূর্তের পছন্দ করা তার পোশাকটি ঠিকই ফ্যাশন সমালোচকদের মুখে কুলূপ এঁটে দিয়েছে।
ভারত থেকে ১৩ মে শুক্রবার সকালে ফ্রান্সের কান শহরে পৌঁছান অ্যাশ, বিকালে অংশ নেন উৎসবে। তার এবারের পোশাক ছিল ন্যুড রঙের এক সান্ধ্য পোশাক, যাতে দেখা গেছে সোনালি চুমকি এবং পুতির কারুকাজ। কোমরে পরা ছিল সোনালি বেল্ট। জর্জেটের এই সান্ধ্য পোশাকটি তৈরি করেছেন কুয়েত ভিত্তিক ডিজাইনার আলি ইউনেস।
পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠোঁটে মেখেছেন হালকা রঙের লিপস্টিক, তবে তার চোখের সাজ ছিল নজর কাড়া। ময়ূরের নীল রঙে চোখ সাজিয়েছিলেন এই অভিনেত্রী, যা আলাদাভাবে আকর্ষণ করেছে আলোকচিত্রীদের।
উৎসবের দ্বিতীয় দিনে ফরাসি কমেডি সিনেমা ‘স্ল্যাক বে’ সিনেমাটি উপভোগ করেছেন অ্যাশ। ১৪ মে দ্বিতীয়বারের মত লাল গালিচায় হাঁটবেন এই অভিনেত্রী।
