স্বপ্নীল মধুচন্দ্রিমায় বিপাশা-কারান
এপ্রিলের শেষেই শুভকাজ সেরে এবার মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বলিউডি অভিনেত্রী বিপাশা বসু। স্বামী কারান সিং গ্রোভারের সঙ্গে মালদ্বীপে কাটানো প্রেমময় মুহূর্তগুলো ইন্সট্রাগ্রামে এখন ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নিয়মিত আপডেট দেওয়ার জন্য বরাবরই জনপ্রিয় বিপাশা-কারান জুটি। বিয়ের আগেও ছুটি কাটানোর সময়গুলো ক্যামেরাবন্দী করে তারা সবাইকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন, ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করার কায়দা শতভাগ জানা আছে এই জুটির।
মধুচন্দ্রিমায় গিয়ে তাদের দেখা গেছে কখনও সুইমিং পুলের নীল পানিতে ডুবসাঁতার দিতে, কখনও বিকিনি পড়ে সৈকতে খালি পায়ে হাঁটতে আবার কখনও সমুদ্রের লোনা বাতাসে চিজকেক উপভোগ করতে।
ছবি: অভিনেত্রী ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে
সূত্রটি আরও জানায়, ছুটি কাটানোর জন্য মালদ্বীপ সবসময়ই তাদের পছন্দের জায়গা, নতুন বছরের উৎসবেও মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন দুজন। তবে ১৩ মে মুম্বাই ফিরতে হবে নবদম্পতিকে।
২০১৫ সালের শুরুতে মুক্তি পাওয়া হরর মুভি ‘অ্যালোন’-এ অভিনয় করতে গিয়ে পরিচয় হয় বিপাশা-কারানের। এক বছর প্রেমের পর ৩০ এপ্রিল বাঙালি রীতিতে বিয়ে করেন তারা। বিবাহোত্তর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ খান, সালমান খানের মতো বলিউড মহারথীরা।
