২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্যাপ্টেন আমেরিকা’র জয়যাত্রা চলছেই

আন্তর্জাতিক বাজার আগেই দখলে নিয়েছিল ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’। এবার যুক্তরাষ্ট্র ও ভারতের বাজারে মুক্তি পেয়ে আয়ের নতুন রেকর্ড গড়ল মার্ভেল সিনেমাটিক স্টুডিওর এই সুপারহিরো মুভি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 05:00 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

ভ্যারাইটির সূত্র দিয়ে রয়টার্স বলছে, এ বছর মার্কিন মুল্লুকে গরমের মৌসুমের উষ্ণ সূচনা করেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’। ৪ হাজার ২৬৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে প্রথম তিনদিনেই ১৮ কোটি ১৮ লাখ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। হলিউডের ইতিহাসে সেরা সূচনার তালিকায় ‘সিভিল ওয়ার’-এর অবস্থান এখন পঞ্চম।

বলা হচ্ছে, ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে ক্রিস ইভানস এবং আয়রন ম্যানের ভূমিকায় রবার্ট ডাউনি জুনিয়রের মুখোমুখি লড়াই ছিল এবারের কিস্তির প্রধান আকর্ষণ। এছাড়া ব্ল্যাক প্যান্থার এবং স্পাইডার ম্যানের উপস্থিতিও দর্শক টেনেছে।

এদিকে ভারতের বাজারেও চলছে ক্যাপ্টেন আমেরিকার জয়জয়কার। এই সপ্তাহে তিনটি বলিউডি সিনেমা মুক্তি পেলেও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর দাপটে ধারে কাছে ঘেঁষতে পারেনি একটি সিনেমাও।

৬ মে একই সঙ্গে মুক্তি পেয়েছে হরর ধাঁচের ‘নাইন্টিন টোয়েন্টি: লন্ডন’, সানি লিওনি অভিনীত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এবং সত্য কাহিনি অবলম্বনে নির্মিত মনোজ বাজপেয়ির সিনেমা ‘ট্রাফিক’।

এরই মধ্যে ‘নাইন্টিন টোয়েন্টি’ সিরিজের নতুন কিস্তি কিছুটা আয় করতে পারলেও তা নির্মাতাদের জন্য স্বস্তিদায়ক নয়। অপরদিকে মাত্র ২ কোটি ৩০ লাখ এবং ২ কোটি রুপি আয় করেছে যথাক্রমে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এবং ‘ট্রাফিক’।

‘নাইন্টিন টোযেন্টি: লন্ডন’-এর আয় যেখানে ছিল মাত্র ৭ কোটি ৫০ লাখ রুপি, সেখানে একই সময়ে মুক্তি পেয়ে ২৭ কোটি ১৩ লাখ রুপির ব্যবসা করেছে হলিউড ফিল্ম ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’।

এদিকে দ্বিতীয় সপ্তাহে এসে বলিউড বক্স অফিসে এখনও নিজের সাফল্যের রেখা এঁকে দিয়ে যাচ্ছে টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুরের ‘বাঘি’। পঞ্চম সপ্তাহেও নিজের দাপট বজায় রেখেছে আরেক হলিউডি সিনেমা ‘দ্য জঙ্গল বুক’।