২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হয়রানির শিকার ‘বাজরাঙ্গি ভাইজান’ নির্মাতা

ভারত-পাকিস্তান সম্পর্কের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমা নির্মাণ করেই নজরে এসেছেন পরিচালক কবির খান। তবে সম্প্রতি পাকিস্তানে গিয়ে উষ্ণ অভ্যর্থনার বদলে হয়রানিরই শিকার হলেন এই ‘বাজরাঙ্গি ভাইজান’ নির্মাতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 05:05 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

বুধবার এক সভায় অংশ নিতে করাচি থেকে লাহোরে যাওয়ার পথে বিমানবন্দরে ব্যাপক প্রতিবাদের মুখে পড়েন কবির খান। মিড-ডে বলছে, প্রতিবাদকারীদের মুখে শোনা যায় ভারত বিরোধী নানা স্লোগান।

মিছিলে অংশ নেওয়া লোকজন কবির খানের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, ভারতে কর্মরত পাকিস্তানি গুপ্তচরদের নিয়ে তিনি অনেক সিনেমাই বানিয়েছেন। তাহলে কেন তিনি পাকিস্তানে কর্মরত কোনো ভারতীয় গুপ্তচর, অর্থাৎ ‘র’-এর গুপ্তচরদের নিয়ে সিনেমা বানাচ্ছেন না?

পাকিস্তানি পত্রিকা ডন বলছে, মিছিলের কেউ কেউ কবির খানের উদ্দেশ্যে জুতাও দেখিয়েছেন। জুতা হাতে দৌড়ে তার দিকে এগিয়ে যাওয়ার সময় লোকটি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র প্রসঙ্গে সতর্ক করে দেন কবির খানকে।

মার্চের শুরুতে পাকিস্তানে গ্রেফতার হয় ভারতীয় নাগরিক কুলভুশান যাদাভ। পাক সরকারের দাবী, তিনি ভারতের একজন ‘র’ এজেন্ট।

‘ফ্যান্টম’ খ্যাত এই পরিচালককে একজন জিজ্ঞেস করেন, “তোমরা ভারতীয়রা যাদাভের মতো লোককে গুপ্তচর হিসেবে পাকিস্তানে পাঠাও এবং আমাদের দেশের শতশত লোককে নির্বিচারে হত্যা করো। এই বিষয় নিয়ে সিনেমা বানাও না কেন?”

‘এক থা টাইগার’, ‘বাজরাঙ্গি ভাইজান’ থেকে শুরু করে ‘ফ্যান্টম’-- কবির খানের সিনেমার মূল উপজীব্য বরাবরই ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার রেকর্ডটিও কিন্তু তার বানানো সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর হাত ধরেই এসেছে।

পাকিস্তানে বলিউডি সিনেমার ব্যাপক চাহিদা থাকলেও এর আগে ‘এক থা টাইগার’ এবং ‘ফ্যান্টম’ প্রচার নিষিদ্ধ করে দেয় পাক সরকার।

অবশ্য অল্প ক’জন প্রতিবাদীর চাইতে বক্স অফিসের অঙ্কই বড় করে দেখছেন কবির খান। তিনি টুইট করেন, “দুই দেশের গণমাধ্যমকে বলছি, ১২ জন পাগল লোকের মোবাইল ক্যামেরা হাতে নিয়ে প্রতিবাদ করার ঘটনা কোনো খবর নয়। দয়া করে তাদের গুরুত্ব দিবেন না, কারণ তারা সেটাই চায়। এড়িয়ে যান।”