‘শাহরুখের উচিৎ সালমানের মতো হওয়া’
কে সবচেয়ে বড় খান-- সালমান, শাহরুখ না আমির? এই বিতর্ক শুরু হয়ে কখনও শেষ হবার নয়। অবশ্য নির্মাতা রাম গোপাল ভার্মার দৃষ্টিতে শাহরুখ খান পিছিয়ে দুজনের থেকেই। তার আশঙ্কা, সাড়া জাগানো তামিল নায়ক কমল হাসান ক্যারিয়ারে যেভাবে খেই হারিয়েছেন একসময়, বলিউড ‘কিং’ শাহরুখও রয়েছেন সে পথে।
বিগত বছরগুলো খুব একটা ভালো কাটছে না শাহরুখের। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার পর আর কোনো সিনেমাই পায়নি আশানুরূপ সাফল্য। সম্প্রতি ‘ফ্যান’ নিয়ে ভক্ত এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিন্তু আরজিভি সমালোচনা করতে ছাড়লেন না কিং খানের। টুইটারে সম্প্রতি এনিয়ে টানা একাধিক পোস্ট করেন তিনি।
শাহরুখকে কমল এবং সালমানকে রজনীকান্তের সঙ্গে তুলনা করে ভার্মা লেখেন, “এসআরকের মতো তারকার পর্দায় এক নগণ্য ভক্ত হয়ে ওঠা কিংবা বামনের ভূমিকায় অভিনয় করাটা সেই একই ধরণের ভুল, যে ভুলগুলো করে কমল হাসান নিজের জনপ্রিয়তা খুইয়েছেন রজনীকান্তের কাছে। কমল রজনীকান্তের মতোই একজন সুপারস্টার ছিলেন। কিন্তু এরপর তিনি লম্বা, খাটো কিংবা বামন আকৃতির চরিত্রে অভিনয় করে সেটা হারালেন। শাহরুখের একজন ভক্ত হিসেবে আমি চাইবো না তিনি কুমন্ত্রণায় কান দেন।”
‘ফ্যান’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন নিজেরই এক পাঁড় ভক্তের ভূমিকায়। আর আনান্দ এল রাইয়ের পরবর্তী সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন এক বামনের ভূমিকায়। রাম গোপাল ভার্মার মতে, বারবার রূপ পরিবর্তনই নাকি বাধা হয়ে দাঁড়াচ্ছে শাহরুখের জন্য, তারকা থেকে মহাতারকা হওয়ার পথে। ওদিকে, জনপ্রিয়তার দৌড়ে দিনদিন শাহরুখকে পেছনে ফেলছেন সালমান।
সরাসরি না বললেও ভার্মার লেখায় প্রকাশ পেয়েছে সালমানের চরিত্র নির্বাচনের প্রশংসা। এমনকি শাহরুখকেও পরামর্শ দিলেন সালমানকে অনুসরণ করার জন্য, “শাহরুখের উচিৎ কমল হাসানের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া এবং সালমানের মতো হয়ে ওঠা।”
সালমান এবং আমিরকে প্রসঙ্গ ভার্মা টেনে আনেন সিনেমায় তাদের স্বকীয়তা বজায় রাখার খাতিরে। আর সেটিই নাকি এখন শাহরুখের বড় দুর্বলতা,জানান ভার্মা, “শাহরুখকে আমি একজন মেগাস্টার বলবো, যদিও তার সালমানের মতো পেশীর জোর নেই কিংবা আমিরের মত কর্মঠ তিনি নন, যদিও উচ্চতায় ‘স্বকীয়ভাবে’ তিনি তাদের চেয়ে লম্বা। রজনীকান্ত তার নিজস্বতা দিয়েই রজনীকান্ত, যেখানে কমল অন্যান্যদের অনুকরণ করতে চেয়েছেন। কমল রজনীকান্তকেও ছাড়িয়ে যেতে পারতেন যদি তিনি সিনেমাতেও নিজের স্বকীয়তাকে ধরে রাখতে পারতেন।”
তারকা যে কেউই হতে পারেন, তবে তারকা হবার সৌভাগ্যটা ঈশ্বরপ্রদত্ত বলেই মনে করেন ‘রাঙ্গিলা’ খ্যাত এই নির্মাতা।
শাহরুখকে নিয়ে নিজের সর্বশেষ টুইটে তিনি লেখেন, “শাহরুখের এটা বুঝতে হবে, ক্লিন্ট ইস্টউড গত ত্রিশ বছর ধরে স্বকীয়তা বজায় রেখেই তারকা হয়ে উঠেছেন, অন্য কেউ হয়ে নয়। যদিও আমার ঈশ্বরবিশ্বাস নেই, তবু আমি খোদার কাছে প্রার্থনা করবো যেন শাহরুখ এই সত্যটি বুঝতে পারেন।”
