২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বেওয়াচ'- এ ফিরছেন পামেলা

'বেওয়াচ'- ভক্তদের জন্য দারুণ সুখবর!  ‘বেওয়াচ’-এর স্পিন অফ সিনেমায় এবার ফিরছেন পামেলা অ্যান্ডারসনও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 04:57 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

দারুণ এই সংবাদটি এসেছে সাবেক কুস্তিগির এবং জনপ্রিয় অভিনেতা ডোয়েইন জনসনে 'দ্য রক' এর কাছ থেকে, যিনি নিজে অভিনয় করছেন সিরিজটির কেন্দ্রীয় চরিত্র মিচ বুকাননের ভুমিকায়। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে সিনেমাটিতে পামেলার অন্তর্ভূক্তির খবর নিশ্চিত করেন ৪৪ বছর বয়সী এই তারকা।

ছবির শিরোনাম হিসেবে জনসন লেখেন, "তিনি পৃথিবীকে সিজে পার্কার চরিত্রটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং পরিণত হয়েছিলেন সর্বকালের সবচেয়ে সফল টিভি সিরিজের সবচেয়ে আইকনিক চরিত্র হিসেবে।"

৪৮ বছর বয়সী পামেলার ফিরে আসাকে জনসন তুলনা করছেন পামেলার নিজ ঘরে ফেরার সঙ্গে, "আমাদের 'বেওয়াচ' কলা-কুশলীর তালিকায় পামেলার মত বর্ণাঢ্য ব্যক্তিত্বকে স্বাগতম জানিয়ে আমি আনন্দিত। আমরা তোমাকে ছাড়া এই সিনেমাটি করতে পারতাম না। নিজ ঘরে স্বাগতম।"

নব্বই এর দশকের 'বেওয়াচ'-এর মাধ্যমেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিলেন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। লাল বিকিনি আর সুইমস্যুট পরিহিত লাইফগার্ড 'সিজে পার্কার'কে যারা মনে রেখেছেন, তাদের জন্য এ এক সুবর্ণ সুযোগ নতুন করে পামেলাকে দেখার। পামেলা অ্যান্ডারসন অবশ্য সিনেমাটিতে ফিরলেও থাকছেননা তার পুরোনো চরিত্রে। সিজে পার্কার চরিত্রে অভিনয় করছেন মডেল কেলি রোহরবাখ। ১৯৯২ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এই চরিত্রে অভিনয় করা তারকা এবার কোন অবতারে আসছেন, তা এখনও নিশ্চিত নয়, জানিয়েছে ডিএনএ।

২০১৫ সালে ঘোষণা আসে, সিনেমা হিসেবে তৈরি করা হচ্ছে 'বেওয়াচ’। ডেভিড হ্যাসলহফ অভিনীত মিচ বুকানন চরিত্রে নেওয়া হয় ডোয়েইন জনসনকে। এছাড়াও এক বড় চমক হিসেবে 'বেওয়াচ' এ অন্তর্ভূক্তি ঘটে বলিউড সুন্দরী প্রিয়াংকা চোপড়ার। সিনেমাতে আরও আছেন জ্যাক এফ্রন, শারোলেট ম্যাককিনি, আলেক্সান্দ্রা ডাড্ডারিও, হ্যানিবাল রুরেস এবং ইলফেনেশ হাদেরা।

সেথ গর্ডনের পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের মে'র ১৯ তারিখে।