ভারত ছাড়ছেন প্রিতি?
মাতৃভূমি ভারত ছেড়ে শেষমেষ নাকি মার্কিন মুলুকে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী প্রিতি জিনটা। তার মার্কিন নাগরিক স্বামী জিন গুডএনাফকে সঙ্গ দেবার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ডেকান ক্রনিকলস।
যদিও সম্প্রতি টুইটারে নিজের ভক্তদের সঙ্গে আলাপচারিতায় প্রিতি জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও নিজ নাড়ির টান কখনই সম্পূর্ণ ছিন্ন করবেন না তিনি। তবে, সাম্প্রতিক কিছু ছবিতে তাকে দেখা গেছে, তল্পি তল্পা গুটিয়েই তিনি পাড়ি জমাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, যেখানে থাকেন তার স্বামী জিন।
বেশ কয়েকটি বলিউডি সিনেমার প্রস্তাবও সরাসরি প্রত্যাখান করেছেন ৪০ বছর বয়সী প্রিতি। পরিকল্পনা করছেন ক্যালিফোর্নিয়ায় সুদৃশ্য একটি ইয়ট কেনার। এ সকল ব্যাপারে প্রিতির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে জানা যায়নি কিছুই।
এদিকে কিছুদিন আগেই মালাইকা অরোরা, কারিশমা কাপুরের মতো পুরনো বন্ধুদের সঙ্গে প্রিতির পুনর্মিলন হয়েছে মানিশ মালহোত্রার এক পার্টিতে। এটিই হযতো তারকা বন্ধুদের সঙ্গে প্রিতির শেষ সাক্ষাৎ-- এমনটাও বলছেন অনেকে।
একেবারে নিভৃতেই গাঁটছড়া বাঁধার মত গুরুত্বপূর্ণ কাজটি সেরে নেন প্রিতি। লস অ্যাঞ্জেলসে ফেব্রুয়ারির শেষ দিকে জিন গুডএনাফকে বিয়ে করলেও সে খবরটি জানা যায় মার্চের শুরুর দিকে। পরবর্তীতে টুইটারেই নিজের বিয়ের খবরটি ভক্তদের নিশ্চিত করেন একসময় সাড়া জাগানো এই অভিনেত্রী।
