শত কোটির ঘরে ‘দ্য জাঙ্গল বুক’
ভারতের বক্স অফিসে এখন ‘দ্য জাঙ্গল বুক’কে টক্কর দিচ্ছে শাহরুখ খানের ‘ফ্যান’, কিন্তু এরপরও ছুটির দিনগুলোতে নিজের দাপট ভালোভাবেই প্রমাণ করছে ‘জাঙ্গল বুক’। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যে শত কোটি আয়ের ঘরে স্থান করে নিয়েছে সিনেমাটি।
ভারতের জঙ্গলে বেড়ে উঠা এক শিশু মোগলির গল্প মার্কিন মুলুকে মুক্তির আগেই দেখার স্বাদ পেয়েছে ভারতীয় দর্শকরা। ভারতের বাজারে সেরকম সাড়াও ফেলেছে জন ফ্যাভারু পরিচালিত ‘দ্য জাঙ্গল বুক’। মাত্র তিন দিনে ৪০ কোটি রুপি আয়ের রেকর্ড করার পর এবার নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।
বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ টুইট করে জানান, ভারতে মুক্তির দশম দিনে ‘জাঙ্গল বুক’-এর আয়ের ঘরে জমা পড়েছে ১০১ কোটি ৮২ লাখ রুপি।
৮ এপ্রিল মুক্তি পেয়ে দ্বিতীয় সপ্তাহে ভারতে সিনেমাটি আয় করেছে ২৭ কোটি ২০ লাখ রুপি। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আয় হয়েছে সবচেয়ে বেশি।
ব্রিটিশ-ভারতীয় লেখক রুপইয়ার্ড কিপলিংয়ের অমর সৃষ্টি ‘দ্য জাঙ্গল বুক’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় কণ্ঠ দিয়েছেন ইদ্রিস অ্যালবা, স্কারলেট জোহানসন, ক্রিস্টোফার ওয়াকেন, বিল মারে ও লুপিতা নিয়ঙ্গ। এছাড়া হিন্দি ডাবিং সংস্করণে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ইরফান খান, শেফালি শাহদের মতো শিল্পীরা।
ইংরেজি এবং হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষাতেও ডাবিং করার কারণে ভারতজুড়ে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে ‘দ্য জাঙ্গল বুক’।
