২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের সঙ্গে অভিনয়, শর্ত আছে দিপিকার

এর আগে অনেক নির্মাতাই চেয়েছেন সালমান খান ও দিপিকা পাড়ুকোনকে জুটি হিসেবে দর্শকদের সামনে আনতে। কিন্তু বরাবরই একবাক্যে না বলেছেন দিপিকা। তবে এবার ঠিকই রাজি হতে হলো তাকে। কাবির খানের নতুন সিনেমায় সালমানের বিপরীতেই জুটি বাঁধছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 04:09 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

কিন্তু এখানেও দিপিকার আছে একটি শর্ত। আর তা হলো, সিনেমায় তার চরিত্রটি কেবল শোভাবর্ধনের জন্য নয়; হতে হবে গুরুত্বপূর্ণ এবং গভীরতা সম্পন্ন।

‘প্রেম রাতান ধান পায়ো’ এবং ‘সুলতান’-এর মতো সিনেমায় সালমানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দিপিকা ফিরিয়ে দিয়েছেন একটিমাত্র কারণে। আর তা হলো শক্তিশালী নারী চরিত্রের অভাব। এবার দিপিকার সেই শর্ত পূরণ করায় কাবির খানের পরবর্তী সিনেমায় অভিনয় করতে দেখা যাবে এই নতুন জুটিকে। ২০১৭ সালের ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার চিন্তাভাবনা চলছে।

বলিউডে সালমান এবং দিপিকা দুজনেই যার যার অবস্থান থেকে শক্তিশালী অবস্থানে আছেন। গত কয়েকবছর ধরেই দিপিকা তার একার তারকাদ্যুতিতেই দর্শক টেনেছেন হলে। শুধু সৌন্দর্য্য নয়, অভিনয় গুণ দিয়েও ভক্ত ও সমালোচকদের মন জয় করেছেন তিনি।

অপরদিকে, সালমানের ক্ষেত্রে দেখা যায় তার অভিনীত সিনেমাগুলোয় নায়িকারা তেমন কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন না। মারদাঙ্গা অ্যাকশন আর কড়া সংলাপে সব আলো নিজের দিকে নিয়ে নেন এই ‘দাবাং’ তারকা।

এবার তারই ব্যতিক্রম ঘটাতে যাচ্ছেন দিপিকা। তার ইচ্ছে, সালমানের বিপরীতেও সিনেমায় যেন তার নিজস্বতা বজায় থাকে। অর্থাৎ সালমানের নতুন এই সিনেমায় শুধু শোভাবর্ধনের জন্য থাকবেন না এই ‘বাজিরাও মাস্তানি’ তারকা।