পাকিস্তানে রেকর্ড গড়লো শাহরুখের ‘ফ্যান’
শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফ্যান’ পাকিস্তানে মুক্তির মাত্র তিন দিনের মাথায় আয় করেছে ৫ কোটি রুপি। পাকিস্তানে মুক্তি পাওয়া হিন্দি সিনেমার ক্ষেত্রে এটি একটি রেকর্ড।
এর আগে পাকিস্তানে মুক্তির প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি দখলে ছিল ‘বাজরাঙ্গি ভাইজান’-এর। সালমান খান অভিনীত সিনেমাটি তৈরি হয়েছিল ভারতে হারিয়ে যাওয়া পাকিস্তানি এক শিশুর বাড়িতে ফেরার গল্প নিয়ে।
পাকিস্তানে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান জিও ফিল্মসের একজন কর্মকর্তা জানিয়েছেন গত তিন দিনে সিনেমাটির আয় ৫ কোটি ছাড়িয়েছে। তিনি জানান, “সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে করাচি ও লাহোর থেকে। ভক্তরা বেশিরভাগ সিনেমা হল এবং থিয়েটারের আরো এক সপ্তাহের অগ্রীম টিকেট কিনে সিনেমাটিকে স্বাগত জানিয়েছে।”
‘ফ্যান’ সিনেমাটির মধ্য দিয়ে দ্বৈত চরিত্রে শাহরুখের প্রত্যাবর্তনকে ভারত ও পাকিস্তানের ভক্তকুল সাদরে গ্রহণ করেছে। সমালোচকেরাও প্রশংসা করেছে শাহরুখের অভিনয়ের।
পাকিস্তানের একজন সিনেমা প্রদর্শক ও সিনেমা মালিক নাদিম মান্দভিওয়ালা জানান সিনেমাটি পাকিস্তানে বেশ সাড়া ফেলেছে। তার মতে ইদানীং বলিউডের তারকাসমৃদ্ধ এবং বড় বাজেটের সিনেমাগুলো পাকিস্তানে ভাল ব্যাবসা করছে।
এব্যাপারে তিনি বলেন, “ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এখন বুঝতে পারছে যে, পাকিন্তান তাদের সিনেমাগুলোর জন্য অনেক বড় একটা বাজার। আর তাই প্রচারের সময় পাকিস্তানের কথাও তারা এখন মাথায় রাখছেন।”
পাকিস্তানে ভারতের সিনেমা প্রচারের ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিলো তা প্রাক্তন সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের সময় উঠিয়ে নেয়া হয়েছে। এখন পাকিস্তানে ভারতের সিনেমাগুলো বেশ উল্লেখযোগ্য ব্যবসা করছে।
