সিকুয়াল আসছে ‘ডেডপুল’-এর
‘ডেডপুল’-এর শেষ দৃশ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছিল এর সাম্ভাব্য সিকুয়ালের। এবার সরাসরি নির্মাতাদের কাছে মিলেছে সবুজ সংকেত। ইতিহাসের প্রথম ‘আর রেটেড’ এই সুপারহিরোর সিকুয়াল আসছে শিগগিরই।
খুনে, গালিবাজ এক সুপারহিরো ‘ডেডপুল’কে দর্শকরা গ্রহণ করেছে সাদরেই। সিনেমাটি মুক্তির পর পরই বক্স অফিসে ভেঙ্গেছে অসংখ্য রেকর্ড। মারভেলের হর্তাকর্তারাও তাই আশাবাদী, ‘অন্যরকম’ এই সুপারহিরোর সিকুয়াল সিনেমা নিয়ে কাজ শুরু হবে শিগগিরই।
হলিউড রিপোর্টার জানায়, ‘ডেডপুল’-এর আশাতীত সাফল্যে সিনেমাটির সিকুয়াল নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স। ‘ডেডপুল’ হিসেবে আবারও সিনেমা পর্দায় ফিরতে যাচ্ছেন অভিনেতা রায়ান রেইনল্ডস। থাকবেন নির্মাতা টিম মিলার এবং চিত্রনাট্যকার রিট রিজ ও পল ওয়ারনিকও।
‘ডেডপুল’ই প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা যা, দীর্ঘ ১৩ বছর পর ভেঙ্গেছে ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’-এর সর্বোচ্চ আয়ের রেকর্ড। ফেব্রুয়ারির ৮ তারিখ মুক্তি পাওয়া সিনেমাটি সবমিলিয়ে আয় করেছে ৭৬ কোটি মার্কিন ডলার।
