‘আইসক্রিম’-এর পোস্টার নকল?
২৯ এপ্রিল সারাদেশে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি নির্মিত ‘আইসক্রিম’ সিনেমাটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় ‘আইসক্রিম’ সিনেমার প্রথম পোস্টার। এরপরই পোস্টারটি নিয়ে আলোচনার ঝড় ওঠে। কারণ ক্যারি গ্র্যান্ট, ক্যাথরিন হেপর্বান ও জেমস স্টুয়ার্টের সিনেমা ‘দ্য ফিলাডেলফিয়া স্টোরি’ এবং সালমান খান, রানি মুখার্জি ও আরবাজ খান অভিনীত ‘হ্যালো ব্রাদার’-এর পোস্টারের সঙ্গে হুবুহু মিলে গেছে ‘আইসক্রিম’-এর পোস্টার।
এ ব্যাপারে রেদওয়ান রনি গ্লিটজকে বললেন, “আমি যখন ‘আইসক্রিম’ সিনেমার পোস্টারের জন্য ফটোশুট করছিলাম তখন আমার মাথায় ছিল না ‘আইসক্রিম’ সিনেমার পোস্টারটি কোনো সিনেমার পোস্টারের সাথে মিলবে, নাকি মিলবে না। ‘আইসক্রিম’ প্রেমের সিনেমা। প্রেমের সিনেমার পোস্টার অনেক ধরনের হতে পারে... প্রেমের সিনেমার পোস্টারে নায়ক-নায়িকা আলিঙ্গন করছে, সারা বিশ্বে এমন কয়েক লাখ পোস্টার পাওয়া খুবই স্বাভাবিক। নতুনত্ব আনার চেষ্টা করলেও কোনো না কোনো সিনেমার সাথে মিলে যেতে পারে। মূলত এটা মানুষের সাথে যোগাযোগ স্থাপনের উপাদান। আমি কতো সহজভাবে দশর্কের সাথে যোগাযোগ করতে পারি। কাজেই এটি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিলো না... সেক্ষেত্রে যদি কারো সাথে মিলে যায় তবে অবশ্যই তা কাকতালীয়।”
এ সময়ের তরুণদের নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক সিনেমা ‘আইসক্রিম’। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সিনেমায় অভিনয় করছেন তিন নতুন মুখ উদয়, রাজ ও টুশি। সিনেমায় এই তিন নবাগত ছাড়াও অভিনয় করছেন ওমর সানি, দিতি, এটিএম শামসুজ্জামানসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন পি-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।
