২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সারাবজিত’-এর ট্রেইলারে এ কোন অ্যাশ!

ঐশ্বরিয়া রাই বচ্চন যতবারই পর্দায় আবির্ভূত হয়েছেন, তার রূপের জৌলুস চোখ ঝলসে দিয়েছে দর্শকদের। সেই অ্যাশই রূপকে বিসর্জন দিলেন চরিত্রের খাতিরে। আত্মজীবনীমূলক সিনেমা ‘সারাবজিত’-এ চোখে পড়েছে অন্যরকম এক ঐশ্বরিয়াকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 06:07 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

২৩ বছর ধরে পাকিস্তানের কারাগারে আটকে থাকা  সারাবজিতের মুক্তির জন্য লড়ে যাওয়া তার বোন দালবির সিং-এর ভূমিকায় একেবারেই নতুন অবতারে দেখা দিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির নাম 'সারাবজিত' হলেও মূলত এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা। ভারতীয় কৃষক সারাবজিত সিংকে পাকিস্তানে মৃত্যুদণ্ড দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে। নিজের ভাইকে নির্দোষ প্রমাণে শুরু হয় দালবির সিং-এর দীর্ঘ সংগ্রাম। সিনেমাটির প্রথম ট্রেইলারে দালবিররূপী ঐশ্বরিয়াকে দেখা গেল লড়াকু এই নারীর ভূমিকায়।

প্রায় তিন মিনিটের ট্রেইলারেই সারাবজিতরূপী রানদিপ হুডা এবং দালবিরের ভূমিকায় ঐশ্বরিয়ার সাবলীল অভিনয় নজর কেড়েছে। বিশেষ করে পাকা চুল আর ঘোলাটে চশমায় বয়স্ক দালবিরের পুলিশের মার খেয়ে ধুলোয় লুটানো অবস্থাতেও রুখে দাড়ানোর অভিব্যক্তি ছিল অত্যন্ত মর্মস্পর্শী। আর ট্রেইলারে ব্যবহৃত শক্তিশালী সংলাপও দর্শকহৃদয়ে দাগ কাটতে পেরেছে। আশি এবং নব্বইয়ের দশকে ভারত-পাকিস্তানের সম্পর্কের টানাপড়েন প্রত্যক্ষভাবে তুলে ধরতে পেরেছেন নির্মাতা উমাঙ কুমার।

ঐশ্বরিয়া আর রানদিপ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন রিচা চাড্ডা এবং দার্শান কুমার। সিনেমাটি মুক্তি পাবে ২০ মে।