২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন লিন্ডসে লোহান?

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এক রুশ ধনকুবেরের সঙ্গে প্রেম করছেন মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান। এবার শোনা গেল, ২২ বছর বয়সী ইগর তারাবাসভের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন এই হলিউড তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 05:17 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

টিএমজি জানাচ্ছে মঙ্গলবার রাতে বাগদানের আংটি হাতে একটি কনসার্টে দেখা গেছে লিন্ডসেকে। সেখানে তার বাবা-মার সঙ্গে উপস্থিত ছিলেন ইগর। এক সূত্র বলছে, পাঁচ মাসের প্রেমের পর এবার নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চান তারা। আর তাই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই সেরে ফেলেন আংটি বদলের কাজ।

যদিও এব্যাপারে মুখ খুলতে নারাজ লিন্ডসের মুখপাত্র। টিএমজি বলছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন ‘মিন গার্লস’ খ্যাত এই তারকা।

কিশোরী বয়সেই সহতারকা অ্যারন কার্টারের সঙ্গে প্রেম করেছেন। লিন্ডসের সঙ্গে এরপর নাম জুড়েছে একাধিক অভিনয়শিল্পীর। এমনও শোনা যাচ্ছিল ব্রিটিশ ডিস্ক জকি সামান্থা রনসনের সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি। তবে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর কোনো সম্পর্কই বাগদান পর্যন্ত গড়ায়নি এর আগে।