অ্যাভেঞ্জারদের দলে গার্ডিয়ানরা
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দুই ব্যবসাসফল সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জার্স’ এবং ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’র চরিত্ররা এবার আসছে একই সিনেমায়। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার- পার্ট ওয়ান'-এর নির্মাতারা জানিয়েছেন, স্টার লর্ডকে দেখা যাবে এই সিনেমায়। অর্থাৎ ক্রিস ইভান্স, রবার্ট ডাউনি জুনিয়রদের দলে ভিড়ছেন ক্রিস প্র্যাটও।
মার্ভেলের অফিশিয়াল কমিকবুক ওয়েবসাইটে নির্মাতা অ্যান্থনি রুশো জানান, "এখন পর্যন্ত মার্ভেলের সিনেমা জগতে যা কিছু হয়েছে, তার সর্বোচ্চ সীমায় পৌঁছাতে যাচ্ছে এই সিনেমাগুলো। তাই এর কাহিনি আপনাদের আগে থেকে জানাতে চাচ্ছি না। আমি নিজে জেমস গানের কাজের ভক্ত। জো রুশো এবং আমি দুজনেই জেমস গানের কাজের ভক্ত।"
তিনি আরো বলেন, "স্টার লর্ড দারুণ একটি চরিত্র এবং ক্রিস প্র্যাট অসাধারণ একজন অভিনেতা, তাই এই ব্যাপারে আমি উচ্ছ্বসিত।"
অ্যান্থনি রুশো আরো জানান, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ না থাকলেও বজ্রের দেবতা থর ফিরছেন ‘ইনফিনিটি ওয়ার- পার্ট ওয়ান’-এ।
তিনি বলেন, "আমি থরের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। 'রাগনারক'-এ তারা দারুণ কিছু কাজ করছে। 'ইনফিনিটি ওয়ার'-এর শুরুর দিকে যেখানে তাকে দেখা যাবে, তা বেশ কৌতুহলদীপ্পক এবং আমার ধারণা সেটা একটা বিশেষ অংশ। আমার মনে হয়, এই ঘটনার পর থেকে সে দারুণ অনুপ্রেরণা পাবে।”
মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের তৃতীয় পর্বটিতে এবার আয়রনম্যানরা মুখোমুখি হতে চলেছেন শক্তিশালী প্রতিপক্ষ থানোসের, যার ঝলক মিলেছিল ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’তে।
