‘স্পাইডার-ম্যান’-এও থাকছেন অ্যাভেঞ্জাররা
কমিক বইয়ের জগতে মারভেল সুপারহিরোদের সঙ্গে অ্যাভেঞ্জার হিসেবে স্পাইডার-ম্যানের ওঠা-বসাটা বেশ পুরোনো হলেও, রূপালি পর্দায় এই অবতারে এখনও দেখা যায়নি তাকে।
‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর ট্রেইলারে স্পাইডির ঝলক মিললেও এই সুপারহিরোর একক সিনেমায় কখনোই দেখা যায়নি আর কোন অ্যাভেঞ্জারকে। সে নিয়মে এবার পরিবর্তন আনছে মার্ভেল। টম হল্যান্ড অভিনীত নতুন স্পাইডার-ম্যান সিনেমাতেই তার সহযোদ্ধা হিসেবে থাকছেন আয়রনম্যানরা।
মারভেলের পরবর্তী সিনেমাগুলো নিয়ে এরকমই এক ইঙ্গিত দিলেন মারভেল স্টুডিও'স এর সভাপতি কেভিন ফিজ। তিনি এন্টারটেইনমেন্ট উইকলিকে জানান, “স্পাইডার-ম্যান এখন মারভেলের জগতে চলে এসেছে। এবং এই জগতের দারুণ ব্যাপারটি হলো, প্রত্যেক সুপারহিরোই একসঙ্গে লড়বে সব সিনেমায়।”
সনি এন্টারটেইনমেন্ট এবং মারভেলের ব্যানারে এবারের ‘স্পাইডার-ম্যান’ হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির ষষ্ঠ সিনেমা। মূলত পিটার পার্কারের ‘স্পাইডার ম্যান’ হয়ে ওঠা এবং তার কিশোর বয়সকে কেন্দ্র করেই এগোবে নতুন সিনেমাটির ঘটনাপ্রবাহ।
জন ওয়াটস পরিচালিত ‘স্পাইডার-ম্যান’ এর জন্য অপেক্ষাটা বেশ দীর্ঘই হতে চলেছে। ২০১৭ সালের ৭ জুলাই তারিখ ধরা হয়েছে সিনেমাটির মুক্তির সম্ভাব্য তারিখ।
সর্বপ্রথম ‘স্পাইডার ম্যান’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০২ সালে, টবি ম্যাকগুয়েরের ‘স্পাইডার-ম্যান’ই এখন পর্যন্ত অস্কার মঞ্চে পুরষ্কার জেতা একমাত্র সুপারহিরো সিনেমা। টবি ম্যাকগুয়ের-এর পর ‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ হিসেবে পর্দায় আসেন অ্যান্ড্রু গারফিল্ড। এই সিরিজের দুই সিনেমার পর তৃতীয় স্পাইডার-ম্যান হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ১৯ বছর বয়সী টম হল্যান্ড।
