ভারতে ‘দ্য জাঙ্গল বুক’-এর বাজিমাত
আন্তর্জাতিক বাজারে মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে মুক্তি পায় ডিজনির নতুন লাইভ অ্যাকশন সিনেমা ‘দ্য জাঙ্গল বুক’। সিনেমাটিকে দর্শকেরা গ্রহণও করেছেন সাদরে; মুক্তির প্রথম দিনেই তাই ‘দ্য জাঙ্গল বুক’ ভারতীয় বক্স অফিসের রেকর্ডের পাতায়। ১০ কোটি রুপি আয় করে সিনেমাটি এখন ভারতে প্রথম দিনের আয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের হলিউডি সিনেমা।
প্রায় দেড় হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দ্য জাঙ্গল বুক’ দেখতে প্রথম দিনেই দর্শকদের ছিল উপচে পড়া ভীড়। মুক্তির প্রথম দিনেই আয়ের খাতায় ‘দ্য জাঙ্গল বুক’ উঠিয়ে এনেছে ১০ কোটি রূপি, অর্থাৎ প্রায় ১০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ডাব করানোটা দর্শকের উৎসাহে ঘি ঢেলেছে আরও। হিন্দি ডাবে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, নানা পাটেকার, ইরফান খান এবং ওম পুরির মত জনপ্রিয় ভারতীয় তারকারা।
ভারতে হলিউডি সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনও ধরে রেখেছে মারভেলের ‘দ্য অ্যাভেঞ্জার্স: এইজ অফ আলট্রন’। ২০১৫ সালে মুক্তির পর সিনেমাটি প্রথম দিনেই আয় করে নিয়েছিল ১০ কোটি ৩০ লাখ রূপি।
ভারতের জঙ্গলে নেকড়েদের সঙ্গে বেড়ে ওঠা মোগলি আর তার সঙ্গী বালু দ্য বিয়ার এবং বাঘিরা দ্য প্যান্থারের অভিযানের কথা জানেন না, এমন কাউকে খুঁজে পাওয়া ভার। ডিজনির ব্যানারে এর আগেও মোগলিকে দেখা গিয়েছে সেলুলয়েডে, তবে সেটা অ্যানিমেশনের মোড়কে। ‘আয়রন ম্যান’ এবং ‘এলফ’ এর মত সিনেমা নির্মাণ করা পরিচালক জন ফাভেরু’র নতুন এই ‘দ্য জাঙ্গল বুক’ এ কম্পিউটার জেনারেটেড ইমেজারি প্রাধান্য পেলেও কলা-কুশলী অভিনীত একটি লাইভ অ্যাকশন সিনেমা, যেখানে মোগলির চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা নিল শেঠি।
