'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'-এ শার্লিজ থেরন
আগেই জানা গিয়েছিল, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নতুন কিস্তিতে প্রধান খলচরিত্রে থাকছেন কোন এক নারী অভিনেত্রী। তারকাবহুল ফ্র্যাঞ্চাইজিটিতে এবার সে চরিত্রে যুক্ত হলেন অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন।
গত বৃহস্পতিবার সিনেমাটির ফেসবুক পেজে লেখা হয়, “আমাদের সিনেমার কলাকুশলীরা তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন এবার। কারণ আমরা আমাদের ফাস্ট পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি শার্লিজ থেরনকে।”
নেতিবাচক চরিত্রে থেরনের অবশ্য এটাই প্রথম অভিজ্ঞতা নয়। ২০০৩ সালের ‘মনস্টার’ সিনেমায় কুখ্যাত ক্রমিক খুনি আইলিন উরনর্স-এর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, যা তাকে এনে দেয় ক্যারিয়ারের একমাত্র অস্কারটি। ২০১২ সালের ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমাতেও তাকে দেখা গেছে খলচরিত্রে।
২০১৫ সালের ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ সিনেমাতেও অ্যাকশনধর্মী চরিত্র ফিউরিওসা হিসেবে তার অনবদ্য অভিনয় তাক লাগিয়ে দিয়েছে সবার। আর তাই ৪০ বছর বয়সী থেরন যে চণ্ডমূর্তীতেই আসছেন নতুন এই সিনেমায়, তা আর বলার অপেক্ষা রাখে না।
'ইউএসএ টুডে' জানিয়েছে, থেরন ছাড়াও, নিজেদের চরিত্রগুলোতে ফিরছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, মিশেল রড্রিগেজ এবং টাইরিজ গিবসন।
এফ গ্যারি গ্রে-এর পরিচালনায় সিনেমার অষ্টম পর্বটির কোন শিরোনাম এখনও ঠিক করা হয় নি। ২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
